হবিগঞ্জের মাধবপুরে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ নভেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার অভ্যন্তরে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল।
বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে কাভার্ড ভ্যানের চালক বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পেরে মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে পরিত্যক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করেন। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়।
আটক করা পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ ও সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, চলতি বছর হবিগঞ্জ ব্যাটালিয়ন চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬৩ কোটি টাকার বেশি মূল্যের মালামাল জব্দ করেছে। এ সময় ২৬ জন আসামিকে আটক করা হয়েছে।

