আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন ও নিরাপত্তা নিশ্চিত করতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১৯টি পূজামণ্ডপে আইপি ক্যামেরা স্থাপন করেছে প্রশাসন। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে থাকবেন পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। সার্বিক পরিস্থিতি তদারকিতে নিয়োগ দেওয়া হয়েছে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মাধবপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান।
ইউএনও বলেন, প্রতিটি পূজামণ্ডপে আইপি ক্যামেরার মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ পূজার নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন প্রস্তুত রয়েছে।
ইউএনওর সভাপতিত্বে এবং মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসিন মিয়া, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক হিরেষ ভট্টাচার্য হিরো, সদস্যসচিব সুমিত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোজ পাল ও সাধারণ সম্পাদক লিটন রায়।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক রেজিয়া সুলতানা তরফদার, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমেদ সালমান ও মাধবপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সমাবেশে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।

