সুপ্রভাত ঢাকা

সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রাহুল

সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রাহুল
সেঞ্চুরিতে ইতিহাস গড়লেন রাহুল

ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার তুলে ধরলেন ভারতের অভিজ্ঞ ওপেনার লোকেশ রাহুল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সেঞ্চুরি করে অনন্য এক কীর্তি গড়েছেন তিনি। ভারতের প্রথম ওপেনার হিসেবে সেনা (SENA) দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া—চার দেশেই টেস্টে সেঞ্চুরি করার রেকর্ড এখন তাঁর দখলে।

এর মধ্য দিয়ে এশিয়ার দ্বিতীয় ওপেনার হিসেবে এই কীর্তি গড়লেন ৩৪ বছর বয়সী রাহুল। তাঁর আগে এই রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারের। সব মিলিয়ে এশিয়ার অষ্টম ব্যাটার হিসেবে চারটি দেশেই টেস্টে শতকের দেখা পেলেন তিনি।

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে আগেই টেস্ট সেঞ্চুরি ছিল রাহুলের। বাকি ছিল শুধু নিউজিল্যান্ড। বেসিন রিজার্ভে ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেই অপেক্ষার অবসান ঘটান ভারতীয় এই ব্যাটার।

দিনের খেলা শুরু করেছিলেন ৫২ রান নিয়ে। লাঞ্চের পর ২০৭ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি। নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে সেঞ্চুরি করা ভারতের চতুর্থ ওপেনারও হলেন তিনি। এর আগে এই কীর্তি গড়েছিলেন সুনীল গাভাস্কার, গৌতম গম্ভীর ও শিখর ধাওয়ান।

এশিয়ার যেসব ব্যাটার এই চার দেশেই টেস্ট সেঞ্চুরি করেছেন, তাঁদের তালিকায় রয়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সাঈদ আনোয়ার, রাহুল দ্রাবিড়, ইউনিস খান, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি।

ওপেনার হিসেবে এটি রাহুলের ১২তম টেস্ট সেঞ্চুরি। ভারতের হয়ে এই তালিকায় তাঁর সমান সেঞ্চুরি রয়েছে মুরালি বিজয়ের। তাঁদের ওপরে আছেন কেবল সুনীল গাভাস্কার (৩৩) ও বীরেন্দর শেবাগ (২২)।

চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন রাহুল। এখন পর্যন্ত ২১ ইনিংসে চারটি সেঞ্চুরি করেছেন তিনি। এই চক্রে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছেন রাহুল, পেছনে ফেলেছেন অধিনায়ক শুভমান গিলকে।