ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির প্রতিভাবান ফুটবলার জেজে গ্যাব্রিয়েলকে দলে পেতে লড়াইয়ে নেমেছে রিয়াল মাদ্রিদ। পিএসজি শেষ মুহূর্তে আর্থিক ও ফুটবলীয় সুযোগ-সুবিধা বাড়িয়ে প্রস্তাব দিলেও তা ফিরিয়ে দিয়েছেন ১৬ বছর বয়সী এই ইংলিশ ফুটবলার। স্পেনে খেলতে আগ্রহী গ্যাব্রিয়েলের পছন্দের তালিকায় এখন শীর্ষে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’ এর প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজির প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি স্পেনে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন গ্যাব্রিয়েল। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখও তাকে পাওয়ার চেষ্টা করেছিল। তবে বার্সেলোনা আর্থিক শর্তে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছে, আর বায়ার্ন আগেই এই দৌড় থেকে সরে গেছে।
গ্যাব্রিয়েলকে পেতে তিন বছরের চুক্তিতে ১০ মিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগ করতে প্রস্তুত রিয়াল। এই অর্থের মধ্যে আর্থিক সুবিধার পাশাপাশি খেলোয়াড়ের উন্নতির জন্য প্রয়োজনীয় শর্তও রয়েছে বলে জানা গেছে। তবে এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের জটিলতা এবং নিবন্ধনসংক্রান্ত প্রক্রিয়াও নিষ্পত্তি হয়নি।
গত সেপ্টেম্বরে ইউনাইটেডের নিবন্ধন বাতিলের অনুরোধ করেছিলেন গ্যাব্রিয়েল। ক্লাবের সঙ্গে তার ও প্রতিনিধিদের মতবিরোধের মূল কারণ প্রথম দলে খেলার সুযোগ নিয়ে। ইউনাইটেড তাকে ধরে রাখার চেষ্টা করলেও এখন পর্যন্ত সমঝোতা হয়নি। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে তার।
১১ বছর বয়সে ইউনাইটেডের একাডেমিতে যোগ দেওয়া গ্যাব্রিয়েল গত মৌসুমে অনূর্ধ্ব-১৮ প্রিমিয়ার লিগে ২১ ম্যাচে ২০ গোল করেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার এবং ইউনাইটেডের জিমি মারফি ইয়ং প্লেয়ার অব দ্য ইয়ার সম্মাননা।

