সুপ্রভাত ঢাকা

ফিফা সভাপতি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ ক্লপ

ফিফা সভাপতি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ ক্লপ
ফিফা সভাপতি ইনফান্তিনোকে নিয়ে ক্ষুব্ধ ক্লপ

ফিফার সভাপতি হিসেবে জিয়ান্নি ইনফান্তিনোর দিন শেষ হওয়া উচিত। এমনটাই মনে করেন জার্মানির কোচ ইয়ুর্গেন ক্লপ। শুধু সমালোচনা করেই থামেননি, ইনফান্তিনোর উত্তরসূরি হিসেবে এমন কাউকে চেয়েছেন, যিনি অর্থের চেয়ে ফুটবলের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দেবেন। এমনকি সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটারের সময়ের চেয়েও বর্তমান পরিস্থিতি খারাপ বলে মন্তব্য করেছেন তিনি।

আর রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে নেশনস লিগের ম্যাচে মাঠে নামবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আগে বার্লিনে সংবাদ সম্মেলনে ফিফার নেতৃত্ব নিয়ে কথা বলেন ক্লপ। তার মতে, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় এখন পরিবর্তন আনা জরুরি।

ক্লপ বলেন, ‘আমি বহু বছর ধরে ফুটবল অনুসরণ করছি। এ বিষয়ে আমার চেয়েও অনেক বেশি জ্ঞানী মানুষ আছেন। তবে আমার মনে হয়, এখন বেশির ভাগ মানুষই একমত হবেন যে পরিবর্তন আনা খুবই যুক্তিসংগত। সেপ ব্লাটারের পর পরিস্থিতি আরও খারাপ হতে পারে, তা আমি ভাবিনি। কিন্তু কেউ একজন ঠিক সেটাই করে দেখিয়েছেন।’

২০১৬ সালে সেপ ব্লাটারের উত্তরসূরি হিসেবে ফিফার সভাপতি হন সুইজারল্যান্ডের নাগরিক ইনফান্তিনো। এরপর থেকে তার বেশ কিছু সিদ্ধান্ত ও প্রস্তাব নিয়ে সমালোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ‘শান্তি পুরস্কার’ চালুর উদ্যোগ।

ইনফান্তিনোর সমালোচনা করে ক্লপ আরও বলেন, ‘জিয়ান্নি ইনফান্তিনোর বিষয়ে বলব, নিশ্চিতভাবেই পরবর্তী যিনি আসবেন, তিনি এর চেয়ে ভালো কাজ করতে পারবেন।’

ফিফার পরবর্তী সভাপতি হিসেবে কেমন মানুষকে চান, সেটিও স্পষ্ট করেছেন ক্লপ। তার মতে, নেতৃত্বে এমন কাউকে আনা দরকার, যার কাছে ফুটবলের স্বার্থই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এদিকে ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পরবর্তী নির্বাচন হওয়ার কথা। এখন পর্যন্ত ইনফান্তিনোর বিপক্ষে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সাবেক সুইস ফুটবলার রামন ভেগা ও জাপানের কোজো তাশিমা। সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে আর্সেন ওয়েঙ্গারের নামও।

উল্লেখ্য, ১৯৯৮ সালে ফিফার সভাপতি হয়েছিলেন সেপ ব্লাটার। দুর্নীতির অভিযোগের মুখে ২০১৫ সালে পদত্যাগ করেন তিনি।