আইপিএলে তাকে আর দেখা যাবে না চেনা ভূমিকায়। উইকেটের পেছনে দাঁড়িয়ে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের চাপে রাখা কিংবা শেষ ওভারে ব্যাট হাতে ম্যাচ ঘুরিয়ে দেয়া, এসব দৃশ্যের ইতি টানতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? দীর্ঘদিনের সতীর্থ সুরেশ রায়না জানালেন, ধোনির অবসরের পেছনে বড় কারণ তার দুই হাঁটুর সমস্যা। শরীর আর আগের মতো চাপ নিতে পারছিল না ভারতের সাবেক এই অধিনায়কের।
আইপিএল থেকে ধোনির অবসরের সিদ্ধান্ত অবশ্য অনেকটাই অনুমেয় ছিল। ২০২৬ মৌসুমেও পুরোপুরি ফিট ছিলেন না তিনি। বারবার হাঁটুর সমস্যায় ভুগছিলেন। এবার সেই চোটের কারণেই খেলোয়াড়ি জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন রায়না। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ধোনির দীর্ঘদিনের সতীর্থ ছিলেন তিনি।
জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বলেন, ‘মাহি ভাই অফসিজনে বিভিন্ন খেলাধুলা করেছেন। কিন্তু হাঁটুর সমস্যায় ভুগছিলেন। এখন তার দুই হাঁটুতেই ফোলা ভাব রয়েছে। এত বছর ধরে উইকেটকিপিং করেছেন, অসংখ্য ম্যাচ খেলেছেন, এসবের প্রভাব তো শরীরে পড়বেই।’
ধোনি শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন বলেও জানিয়েছেন রায়না। তার ভাষায়, ‘তিনি এত দিন চেষ্টা করছিলেন, ভেবেছিলেন হয়তো ফিট হয়ে উঠবেন। জিমেও অনেক পরিশ্রম করেছেন। কিন্তু হাঁটু ফুলে যাওয়ার পরও বারবার বলেছেন, তিনি কখনো ইমপ্যাক্ট খেলোয়াড় হতে চাননি।’
আইপিএলে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে শুধু ব্যাটিং করার সুযোগ থাকলেও ধোনি সেটি চাননি। উইকেটকিপিংসহ পুরো দায়িত্ব পালন করেই খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু শরীর আর সেই ধকল নিতে পারছিল না। রায়না বলেন, ‘এটা একজন অধিনায়ক হিসেবে তার মানসিকতা ও সাহসের পরিচয় দেয়। তিনি খেলতে চেয়েছিলেন, কিন্তু তার শরীর আর সেই চাপ নিতে পারছিল না।’
খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও চেন্নাই সুপার কিংসের সঙ্গে থাকছেন ধোনি। এবার দলটির মেন্টর হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে তার।
আইপিএলে ধোনির অবদান স্মরণ করে রায়না তাকে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় ব্র্যান্ড হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘চেন্নাই সুপার কিংস ও আইপিএলের জন্য তিনি অনেক কিছু করেছেন। ভক্ত, ব্যবসায়ী, প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে ২০০৮ সাল থেকে বেড়ে ওঠা শিশুদের কাছ থেকেও যে ভালোবাসা পেয়েছেন, তা অসাধারণ।’
রায়নার মতে, চেন্নাই সুপার কিংস এত বছর ধরে সফলভাবে টিকে থাকার পেছনে ধোনির বড় অবদান রয়েছে। কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে তার কাজেরও প্রশংসা করেছেন তিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে সাফল্যের বাইরেও মানুষ হিসেবে ধোনির কাছ থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন ভারতের সাবেক এই ব্যাটসম্যান।

