যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদে দলীয়ভাবে আনুষ্ঠানিক মনোনয়ন পেয়েছেন হাকিম জেফরিস। দেশটির ইতিহাসে এই পদে মনোনয়ন পাওয়া প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা তিনি। আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর পূর্ণাঙ্গ প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচন হবে। সেখানে জয়ী হলে বর্তমান স্পিকার মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন জেফরিস।
সংয়বাদমাধ্যম আল জাজিরা বলছে, স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) রুদ্ধদ্বার ভোটে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পান নিউইয়র্কের ৫৬ বছর বয়সী এই কংগ্রেস সদস্য। মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই স্পিকার পদে দলের প্রার্থী হিসেবে মনোনীত হলেন তিনি। ওই নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ ফিরে পায় ডেমোক্র্যাটরা।
এদিকে ভোটাভুটি শেষে মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলের সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান জেফরিস। এক্সে দেয়া এক পোস্টে তিনি লেখেন, ‘একসঙ্গে আমরা সাহসী পরিবর্তন আনব। আমেরিকার মানুষের জীবনে বড় পরিবর্তন ঘটাব!’
অবশ্য দলের প্রগতিশীল অংশের মধ্যে জেফরিসের নেতৃত্ব নিয়ে অসন্তোষ রয়েছে। এ পরিস্থিতিতে বুধবার দলের সদস্যদের ভোটের রেকর্ড রাখার ব্যবস্থা করে ভোট আয়োজনের পরিকল্পনার কথা জানান তিনি।
এর আগে চলতি মাসে নির্বাচিত হওয়া কয়েকজন ডেমোক্র্যাট সদস্য জেফরিসকে সমর্থন করবেন কি না, তা জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তাদের কয়েকজন বলেন, নির্বাচনী প্রচারে যেসব সাহসী ও জনমুখী নীতির প্রতিশ্রুতি দেয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগ্রহী একজন নেতাকে তারা চান।
জেফরিসের মনোনয়নের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে সরব ছিলেন ওহাইও থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ডন লিওনার্ড। প্রগতিশীলদের কয়েকটি অগ্রাধিকারের বিষয়ে নিশ্চয়তা না পেলে জেফরিসকে সমর্থন করবেন না বলে জানান তিনি। এসব দাবির মধ্যে রয়েছে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ করা এবং সুপ্রিম কোর্টের ‘সিটিজেনস ইউনাইটেড’ মামলার রায়ের মাধ্যমে নির্ধারিত নির্বাচনী অর্থায়নব্যবস্থার সংস্কার।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে ওহাইওর এই ডেমোক্র্যাট নেতা বলেন, ‘স্পিকার জেফরিস যদি গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে লেহি আইনের মতো দেশের আইন প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ না হন, যদি এই সংকটের মূল কারণ ‘সিটিজেনস ইউনাইটেড’ নিয়ে কাজ করতে রাজি না হন, তাহলে তিনি আমার ভোট পাবেন না।’
সংবাদমাধ্যম বলছে, ইসরায়েল নিয়ে জেফরিসের অবস্থান এবং আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি—আইপ্যাকের মতো ইসরায়েলপন্থি লবিগোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক নিয়েও ডেমোক্র্যাটদের একটি অংশের মধ্যে সমালোচনা রয়েছে। গত মঙ্গলবার দ্য আটলান্টিক সাময়িকীকে দেয়া এক সাক্ষাৎকারে এসব সমালোচনার জবাব দেন জেফরিস। এ সময় মধ্যপ্রাচ্যে ‘বড় ধরনের পরিবর্তন’ এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন তিনি।
এদিকে বুধবারের ভোটে কিছু বিরোধিতা থাকলেও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক ককাসের বিপুল সমর্থন পান জেফরিস। তার মনোনয়নের পক্ষে ভোট দেন ২৫১ জন সদস্য। বিপক্ষে ছিলেন মাত্র ১১ জন।
জেফরিসের বিপক্ষে ভোট দেয়া সাতজনের মধ্যে সদ্য নির্বাচিত ছয় ডেমোক্র্যাট সদস্য হলেন—নিউইয়র্কের ডারিয়ালিজা আভিলা শেভালিয়ের, নিউ জার্সির অ্যাডাম হামাউই, কলোরাডোর মেলাত কিরোস, মিশিগানের ডোনাভান ম্যাককিনি, পেনসিলভানিয়ার ক্রিস রাব এবং নিউইয়র্কের ক্লেয়ার ভালদেজ।
এই সদস্যরা তাদের বিরোধিতার কারণ হিসেবে জানিয়েছেন, ‘সবার জন্য মেডিকেয়ার’ চালু, অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের হয়রানি বন্ধ, রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা এবং গাজায় গণহত্যা বন্ধের মতো নীতির বিষয়ে জেফরিসের কাছ থেকে তারা প্রতিশ্রুতি পাননি।
ভবিষ্যৎ কংগ্রেস সদস্য হতে যাওয়া ওই নেতারা বিবৃতিতে লেখেন, ‘আমরা উল্লেখযোগ্য অগ্রগতি দেখেছি। তবে আগামী কংগ্রেসে আমাদের দলের অবস্থান যেন নেতৃত্বের কাছে ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে আরও কাজ বাকি। এসব বিষয়ে আলোচনা চলছে। তাই আজ ককাসের ভোটে আমরা তাকে সমর্থন করিনি।’
টেক্সাসের আরেক নবনির্বাচিত সদস্য ফ্রেডরিক হেইনসও জেফরিসের মনোনয়নের বিরোধিতাকারীদের যৌথ বিবৃতিতে ছিলেন। তবে পরে নিজের দেয়া পৃথক বিবৃতিতে তিনি জানান, অসুস্থতার কারণে বুধবারের ভোটে অংশ নিতে পারেননি।
তবে অধিকাংশ ডেমোক্র্যাটই স্পিকার পদে জেফরিসের মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। পূর্ণাঙ্গ কংগ্রেসে নির্বাচিত হলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরে তার অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে উঠবেন।
প্রতিনিধি পরিষদের বিদায়ী সদস্য ন্যান্সি পেলোসিও এই ঐতিহাসিক মুহূর্তে জেফরিসকে অভিনন্দন জানিয়েছেন। দুই দফায় মোট আট বছর প্রতিনিধি পরিষদের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে জেফরিসের হাত ধরে রাখা একটি ছবি প্রকাশ করে পেলোসি লেখেন, ‘স্পিকার মনোনীত হাকিম জেফরিসকে অভিনন্দন!’
প্রসঙ্গত, ২০২৩ সালে সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থির উত্তরসূরি হিসেবে জেফরিসকে মনোনীত করেছিল ডেমোক্র্যাটিক পার্টি। নিজ দলের রিপাবলিকান সদস্যদের ভোটে পদচ্যুত হয়েছিলেন ম্যাকার্থি। পরে তার জায়গায় স্পিকার হন বর্তমান স্পিকার মাইক জনসন। তবে বুধবারের ভোটের মধ্য দিয়ে প্রথমবারের মতো দলের সদস্যদের আনুষ্ঠানিক মনোনয়ন পেলেন জেফরিস।
আগামী ৩ জানুয়ারি নতুন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে। তখন ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার নির্বাচনে পূর্ণাঙ্গ অধিবেশনে ভোট হবে। সেই নির্বাচনে জয়ী হলে মাইক জনসনের স্থলাভিষিক্ত হবেন হাকিম জেফরিস।

