উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে সহ-ব্যবস্থাপনা বিষয়ক উপজেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এ কর্মশালা অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এতে প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও অর্জনের পাশাপাশি বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধার, জলবায়ু পরিবর্তনের কারণ এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি, ভূমিক্ষয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বৃষ্টিপাতের তারতম্য এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কোডেকের পরিচালক (প্রকল্প) ড. শীতল কুমার নাথ এবং প্রকল্প ব্যবস্থাপক মো. মঞ্জুর এলাহী আলমাজী। এ ছাড়া উপজেলা কৃষি, প্রাণিসম্পদ, বন বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরেফিন সুমন। পরিকল্পনা প্রণয়ন, অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ ও সমাপনী কার্যক্রমের মধ্য দিয়ে কর্মশালা শেষ হয়।

