সুপ্রভাত ঢাকা

উপকূলে জলবায়ু সহনশীল কৃষি চর্চায় কৃষক মাঠ দিবস

উপকূলে জলবায়ু সহনশীল কৃষি চর্চায় কৃষক মাঠ দিবস
সাতক্ষীরার কালিগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং কৃষকদের জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতিতে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরার কালিগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর ২০২৬) কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর গ্রামে লিডার্স বাস্তবায়িত এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (GAIN)-এর অর্থায়নে পরিচালিত ‘Climate Action at Local Level (CALL)’ প্রকল্পের আওতায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রায় ৯০ জন কৃষককে লবণসহনশীল ও উচ্চফলনশীল মিষ্টি কুমড়া, বিভিন্ন জাতের ধান ও তরমুজ চাষের পদ্ধতি, উৎপাদন প্রক্রিয়া এবং দেশি জাতের সঙ্গে পার্থক্য সম্পর্কে ধারণা দেওয়া হয়।

রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা তাপস কুমার মল্লিক। প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য মোছা. মেহেরুন্নেসা। এছাড়া লিডার্সের CALL প্রকল্পের সমন্বয়কারী মৃনাল কুমার সরকার, ফিল্ড অফিসার সুমন ঢালী, আনিছুর রহমান ও মোসলেমা পারভীনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এর আগে প্রকল্পের আওতায় ৩৮৬ জন কৃষকের মাঝে জলবায়ু সহনশীল বিভিন্ন ফসল ও চাষাবাদ পদ্ধতির প্রদর্শনী করা হয়। মাঠ দিবসে অংশগ্রহণকারী কৃষকরা এসব পদ্ধতি ও উন্নত জাতের ফসল চাষে আগ্রহ প্রকাশ করেন।