বিশ্বের তিন পরাশক্তির শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার চীনের আধুনিক মহানগরী শেনজেনে এক নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। বৈঠকের আগেই কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এই আলোচনা থেকে বড় কোনো চুক্তির সম্ভাবনা নেই। বাস্তবেও দেখা গেছে, কোনো কূটনৈতিক সাফল্য নয় বরং এই বৈঠকটি নিজেই ছিল মূল অর্জন। শেনজেনের উপকণ্ঠে এক রাষ্ট্রীয় অতিথিশালায় গোলটেবিলে বসে তিন নেতাই জটিল বিশ্ব পরিস্থিতি মোকাবিলায় তাদের যৌথ ‘দায়িত্বের’ কথা স্মরণ করেন।
বৈঠকের শুরুতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইতিহাস আমাদের বলে যে, বৃহৎ শক্তিগুলো যখন শান্তিতে থাকে, বিশ্ব তখন নিরাপদ থাকে; আর বৃহৎ শক্তিগুলো যখন সংঘাতে জড়িয়ে পড়ে, বিশ্ব তখন বিশৃঙ্খলায় ডুবে যায়।
এই বৈঠকের মাধ্যমে প্রত্যেকেই নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ নিয়েছেন। ইউক্রেনে হামলার পর প্রায় পাঁচ বছর ধরে বিশ্বমঞ্চ থেকে বিচ্ছিন্ন থাকার পর পুতিনের জন্য এটি ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশগুলোর কাতারে পুনরায় ফিরে আসার এক বড় সুযোগ। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের দায়মুক্তির বিষয়টিকে ‘মৌলিক গুরুত্বের’ বলে উল্লেখ করা হয়েছে, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের পরোয়ানা মাথায় নিয়ে থাকা পুতিনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক সংকট চললেও শি জিনপিং নিজেকে এবং চীনকে একজন বড় কূটনৈতিক খেলোয়াড় হিসেবে তুলে ধরতে পেরেছেন। আর চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা খেয়ে ক্ষমতাহীন হয়ে পড়ার ঝুঁকিতে থাকা ডোনাল্ড ট্রাম্প দেখাতে চেয়েছেন যে, নিজ দেশে একচ্ছত্র ক্ষমতার অধিকারী দুই নেতার সাথে তিনি এখনো বিশ্ব রাজনীতির খেলায় টিকে আছেন।
সংবাদমাধ্যমকে বিদায় দেওয়ার আগে বৈঠকের শুরুতে ট্রাম্প বলেন, পারস্পরিক সম্পৃক্ততা ও আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায়নি। আমরা ভিন্ন পথ বেছে নিচ্ছি। দেখা যাক আমরা কিছু করতে পারি কি না।
বৈঠকের মূল উদ্দেশ্য কি ছিল?
বৃহস্পতিবারের এই ৮১ মিনিটের বৈঠকটি ইতিহাসের মোড় ঘোরানো কোনো ঘটনা হিসেবে নাকি নিছক একটি ফটোসেশন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে, তা এখনো স্পষ্ট নয়। কারণ যুদ্ধ, অর্থনীতি এবং অত্যাধুনিক প্রযুক্তির মতো বিষয়গুলোতে তিন দেশের মধ্যকার বিশাল মতপার্থক্য দূর করার জন্য এই সময়টুকু মোটেও যথেষ্ট ছিল না। কাইলিন ভিলায় অনুষ্ঠিত এই বৈঠকে শুরুতে নেতাদের উদ্দেশ্য ছিল ভিন্ন।
মূলত ইউক্রেনের কোনো প্রতিনিধি ছাড়াই ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করার লক্ষ্যে পুতিন এই শীর্ষ সম্মেলনের প্রস্তাব দিয়েছিলেন। বিষয়টি কিয়েভে আতঙ্ক সৃষ্টি করে এবং ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের কথা মনে করিয়ে দেয়, যেখানে বিশ্বশক্তিগুলো যুদ্ধোত্তর বিশ্বকে নিজেদের প্রভাব বলয়ে ভাগ করে নিয়েছিল। উদ্বোধনী বক্তব্যে শি এবং পুতিন উভয়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সেই সময়ের কথা উল্লেখ করেন, যখন ক্ষমতাধর দেশগুলো একত্রিত হয়ে বিশ্বব্যবস্থা গড়ে তুলেছিল।
শুরুতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন যে ইউক্রেন প্রসঙ্গ আলোচ্যসূচিতে থাকবে না, তবে ট্রাম্প পরে জানান তিনি বিষয়টি তুলবেন। বৈঠকের শুরুতে তিনি বলেন, আমার মনে হয় কিছু একটা ঘটছে। আমি মনে করি (পুতিন) এবং আমি আশা করি অন্য পক্ষও এই যুদ্ধের অবসান দেখতে চাইবে।
তবে ট্রাম্পের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা। মস্কো ও বেইজিংয়ের সাথে একটি নতুন পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি করতে চান ট্রাম্প, যদিও এর জটিলতা সম্পর্কে তিনি অকপট ছিলেন। তিনি বলেন, একবার পারমাণবিক অস্ত্র হাতে চলে এলে, তা না রাখাটা খুব কঠিন। জীবন এভাবেই চলে। তবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় অনেক ছোট পারমাণবিক অস্ত্রভাণ্ডারের অধিকারী চীন এমন কোনো চুক্তিতে আগ্রহী নয়। মার্কিন কর্মকর্তাদের মতে, নিজের এপেক সম্মেলন ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় শি শুরুতে এই ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে কিছুটা অনাগ্রহী ছিলেন।
বৈঠকের কয়েক ঘণ্টা আগে দুই শাসকের সাথে একত্রে বসার সুবিধা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা দুজনেই ট্রাম্পকে পছন্দ করে। এখন, আমার পরে কী হবে? সেটা আমি বলতে পারব না।
সম্পর্ক উন্নয়ন ও ক্ষমতার সমীকরণ
শেনজেনের টাইগার সাফারি পার্কের পাশে কাইলিন ভিলায় তিন নেতা সমান দূরত্বে একটি গোলটেবিলে বসেন, যেখানে মাঝখানে ছিলেন শি জিনপিং। ট্রাম্প গর্বের সাথে বলেন, আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আমাদের তিনজনের আলোচনা করার মতো অনেক কিছু আছে।
গত দুই বছর ধরে ট্রাম্প ব্যক্তিগত সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভূ-রাজনীতি সহজ করার আশায় শি ও পুতিন উভয়কেই তোষামোদ ও জাঁকজমকপূর্ণ সম্মেলনের মাধ্যমে কাছে টানার চেষ্টা করেছেন। পৃথক বৈঠকে তিনি দুজনকেই ‘বন্ধু’ বলে অভিহিত করেছেন। শি জিনপিংকে ট্রাম্প বলেন, আমি মনে করি যতদিন আপনি এবং আমি দায়িত্বে আছি, আমাদের কখনো কোনো সমস্যা হবে না।
তবে এই তোষামোদে এখনো বড় কোনো সাফল্য আসেনি। গত বছর আলাস্কায় শীর্ষ সম্মেলন সত্ত্বেও পুতিনের সাথে তার সম্পর্ক ইউক্রেন যুদ্ধ থামাতে ব্যর্থ হয়েছে বলে ট্রাম্প অভিযোগ করেছেন। বাণিজ্য ও বিরল খনিজ সরবরাহ নিয়ে যুক্তরাষ্ট্র-চীন বিরোধ এখনো কাটেনি, আর চীন ও রাশিয়া উভয়ই ইরানকে সহায়তা ও প্রযুক্তি দিয়ে যাচ্ছে। পাঁচ বছর আগে ‘সীমাহীন’ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া শি এবং পুতিন ইতিমধ্যে ডজনখানেক বার বৈঠক করেছেন। বুধবারের বৈঠকের পর চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম তাদের সম্পর্ককে ‘ঝড়-বৃষ্টির মধ্যেও পাথরের মতো অটল’ বলে বর্ণনা করেছে। শি ও পুতিন দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন যে, প্রাচ্যের উত্থান এবং পাশ্চাত্যের পতনের মাধ্যমে বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য তাদের পক্ষে চলে আসছে এবং মার্কিন পরাশক্তির যুগের অবসান ঘটছে। ট্রাম্পের সাথে এই ত্রিপক্ষীয় বৈঠককে তারা সেই দৃষ্টিভঙ্গির একটি ঐতিহাসিক প্রমাণ হিসেবেই ব্যবহার করবেন।
যুদ্ধে জড়িয়ে থাকা দেশগুলোর হিসাব-নিকাশ
বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত তিন নেতার মধ্যে দুজনই ছোট প্রতিপক্ষের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে আছেন। ইরানে ট্রাম্পের যুদ্ধ এবং ইউক্রেনে পুতিনের যুদ্ধ উভয়ই সামরিক সম্পদ ক্ষয় করেছে এবং বিশ্বজুড়ে দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়েছে, যা বৈশ্বিক স্থিতিশীলতার স্বার্থে শি জিনপিংকে ক্ষুব্ধ করেছে। তেহরানের সাথে সুসম্পর্ক বজায় রাখা শি ও পুতিনের সাথে ট্রাম্প এই দুই যুদ্ধ নিয়েই কথা বলতে চেয়েছিলেন। মস্কো বা বেইজিংকে ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করার চাপ না দিয়ে বরং ট্রাম্প ইরান যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানি খরচ কমাতে রুশ ডিজেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছেন, যা পরোক্ষভাবে রাশিয়াকে আর্থিকভাবে লাভবান করছে।
যুদ্ধ নিয়ে ট্রাম্প নিজেও বিরক্ত। ইরান সংঘাত, যা তিনি শুরুতে ছয় সপ্তাহ স্থায়ী হবে বলেছিলেন, তা নিজ দেশে অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে এবং ট্রাম্পের নিজের স্বীকারোক্তি অনুযায়ী এর ফলেই মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। এখন তিনি নতুন করে ব্যাপক বোমাবর্ষণ শুরু করার সামরিক বিকল্পগুলো বিবেচনা করছেন। অন্যদিকে, দায়িত্ব নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ সমাধানের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তা ইতিমধ্যে ৬৬৭ দিন পেরিয়ে গেছে।
ইউক্রেন বা ইরানের অনুপস্থিতিতে এই বৈঠক শান্তি আনতে কতটা কার্যকর হবে তা অনিশ্চিত হলেও ট্রাম্প আশাবাদী ছিলেন। শির সাথে বৈঠকের আগে তিনি বলেন, অনেকেই নিশ্চিত ছিলেন না যে এর থেকে কিছু বেরিয়ে আসবে কি না। আমি মনে করি কিছু একটা... বেরিয়ে আসবে। মানে, খুব জোরালোভাবেই বলছি। আমি মনে করি কিছু একটা বের হবে।
এদিকে বার্লিনে জার্মানি, ফ্রান্স, ইউক্রেন ও যুক্তরাজ্যের নেতাদের সাথে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার জানান, ট্রাম্প ফোনে যুক্ত হয়ে শেনজেন আলোচনার মূল্যায়ন জানিয়েছেন। কুশনার বলেন, ট্রাম্প শান্তির আকাঙ্ক্ষার বিষয়ে শি ও পুতিন উভয়কেই ‘খুব কড়া বার্তা’ দিয়েছেন এবং লক্ষ্য অর্জনে তাদের সাথে ‘খুব জোরালোভাবে যুক্ত হতে চান’। বিস্তারিত না বললেও কুশনার জানান, ট্রাম্প ‘শান্তি অর্জনযোগ্য বলে বিশ্বাস নিয়ে ফিরে এসেছেন’। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও জানান যে, শেনজেনে ট্রাম্পের বার্তার কেন্দ্রবিন্দুতে ছিল ‘ইউক্রেন এবং এর একটি শান্তিপূর্ণ সমাধান’।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আধিপত্যের লড়াই
ট্রাম্প শেনজেনে পৌঁছানোর আগেই এনভিডিয়ার সাবেক সিইও জেনসেন হুয়াং এবং এক কথিত চীনা গোয়েন্দা এজেন্টকে ঘিরে কেলেঙ্কারি এই সফরে ছায়া ফেলেছিল। পাশাপাশি যুক্তরাষ্ট্রে এআই আপডেটের কারণে ঘটা পরিষেবা বিভ্রাট নিয়েও প্রশাসনের মধ্যে উদ্বেগ ছিল। চীনের প্রযুক্তি ও চিপ তৈরির এই ঝকঝকে কেন্দ্রস্থলে দাঁড়িয়ে দ্রুত বিকাশমান এআই শিল্পে যুক্তরাষ্ট্র কীভাবে প্রতিযোগিতা করবে, সেই প্রশ্নটি আরও জোরালো হয়ে ওঠে। হুয়াংকে ঘিরে ফাঁস হওয়া তথ্য চীনের কাছে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপ বিক্রি সীমিত করার বিষয়ে ট্রাম্পের মন্ত্রিসভার গভীর বিভক্তি প্রকাশ করে দিয়েছে।
বুধবার সন্ধ্যায় নৈশভোজে শির পাশে বসে ট্রাম্প বিষয়টি সংক্ষেপে তুলেছিলেন বলে পরে জানান। চীন সফরের আগে তিনি বলেছিলেন, গুপ্তচরবৃত্তির বিষয়টি নিয়ে খুব বেশি চাপ দিয়ে তিনি চীনকে ‘অপমানিত’ করতে চান না। তার প্রশাসনের অনেকেই কঠোরপন্থী এবং চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রি বন্ধ করতে চান। তবে ট্রাম্প এআই-এর অগ্রগতিকে ‘দমিয়ে রাখার’ যেকোনো পদক্ষেপের বিরোধী। তিনি বলেন, এই প্রযুক্তির অসাধারণ সম্ভাবনাকে ধ্বংস করে এমন কিছু আমরা করতে চাই না। আমরা যেকোনো ধরনের বিশ্বায়নবাদী নিয়ন্ত্রণের বিরোধিতা করি। তবে এশীয় নেতাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি এর বিপদ সম্পর্কেও সতর্ক করে বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এটিকে লালন করতে হবে। এটি প্রায় পুরোপুরি ভালো, তবে এর কিছু খারাপ দিকও আছে। আর সেই খারাপ দিকগুলো সামলানোর ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে।
কূটনৈতিক শক্তিধর হিসেবে শি জিনপিং
বেইজিং এই শীর্ষ সম্মেলনকে চীনা কূটনীতির এক বড় সাফল্য হিসেবে দেখবে। চীনের প্রতি ট্রাম্পের প্রশংসা এবং তিনি ও শি ক্ষমতায় থাকাকালীন ‘কখনো কোনো সমস্যা হবে না’ এমন আশ্বাস বেইজিংয়ের জন্য অত্যন্ত স্বস্তিদায়ক, বিশেষ করে যখন মার্কিন আইনপ্রণেতারা চীনের উচ্চপ্রযুক্তি প্রাপ্তির ওপর কঠোর নিয়ন্ত্রণের দাবি তুলছেন। কংগ্রেসে ক্ষমতার রদবদল এবং ট্রাম্পের শেষ মেয়াদের শেষ পর্যায়ে পৌঁছানোর আগে মার্কিন প্রেসিডেন্টের এই সদিচ্ছাকে কাজে লাগাতে চেয়েছে বেইজিং। বিমানবন্দরে ট্রাম্পকে শির নজিরবিহীন অভ্যর্থনা এবং উষ্ণ আচরণ সেই পরিকল্পনারই অংশ ছিল।
ত্রিপক্ষীয় বৈঠক থেকে সুনির্দিষ্ট কোনো ফলাফল না আসাটাও বেইজিংয়ের এজেন্ডার সাথে মিলে গেছে, কারণ ইউক্রেনের ভাগ্য নির্ধারণে ‘ইয়াল্টা ২.০’-এর মতো কোনো দৃশ্যপট তৈরি হোক তা শি চাননি, যা বিশ্বমঞ্চে বহুপাক্ষিকতাবাদের প্রতি চীনের ঘোষিত নীতির সাথে সাংঘর্ষিক হতো। এর পরিবর্তে কোনো জটিল প্রতিশ্রুতি ছাড়াই শি নিজেকে একজন আন্তর্জাতিক মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের সমকক্ষ কূটনৈতিক শক্তি হিসেবে তুলে ধরতে পেরেছেন। আগামী বছর চীনের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে এই সাফল্য শি জিনপিংয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।
সূত্র: সিএনএন

