সুপ্রভাত ঢাকা

টি-টেন লিগে দল কিনলেন অ্যান্ডারসন

টি-টেন লিগে দল কিনলেন অ্যান্ডারসন
টি-টেন লিগে দল কিনলেন অ্যান্ডারসন

ক্রিকেটে নতুন ভূমিকায় অভিষেক হতে যাচ্ছে ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের। ইতালিতে শুরু হতে যাওয়া টি-টেন লিগের নাপোলি নাইটস ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক হয়েছেন ৪৪ বছর বয়সী এই সাবেক ইংলিশ তারকা।

তবে ক্রিকেটার হিসেবে তাঁর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। আগামী মৌসুমের জন্য অ্যান্ডারসনের সঙ্গে নতুন চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর দীর্ঘদিনের কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার। এমন পরিস্থিতিতে ক্রিকেটের সঙ্গে এবার ভিন্নভাবে যুক্ত হচ্ছেন তিনি।

আগামী ১৮ থেকে ২৯ নভেম্বর রোমে অনুষ্ঠিত হওয়ার কথা ইতালিয়া টি-টেন লিগের প্রথম আসর। সাবেক এসেক্স ও সারে ব্যাটার নাদিম শহিদের মালিকানাধীন প্রতিষ্ঠান অ্যাপেক্স টি-টেন লিমিটেডের উদ্যোগে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা।

মঙ্গলবার লিগ কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেজার পরিচালনা করবে নাপোলি নাইটস। প্রতিষ্ঠানটির প্রধান এবং সাবেক ল্যাঙ্কাশায়ার উইকেটকিপার লুক সাটনের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক হয়েছেন অ্যান্ডারসন। ক্যারিয়ারের শুরুর দিকে বেশ কয়েক বছর সাটন তাঁর ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তবে ফ্র্যাঞ্চাইজিটিতে অ্যান্ডারসন সরাসরি অর্থ বিনিয়োগ করেছেন, নাকি অন্য কোনো ব্যবস্থায় মালিকানার অংশ পেয়েছেন, তা এখনো স্পষ্ট নয়।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে ফ্র্যাঞ্চাইজি ও সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে খুব বেশি অংশ নেননি অ্যান্ডারসন। গত বছর ‘দ্য হান্ড্রেড’-এ ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলার অভিজ্ঞতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। তাই এবার ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে তাঁর যুক্ত হওয়াকে ক্রিকেটে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে অ্যান্ডারসন বলেন, ক্যারিয়ারজুড়ে ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে। এবার সম্পূর্ণ ভিন্নভাবে খেলাটির সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। দীর্ঘদিনের পরিচিত লুক সাটনের সঙ্গে নতুন এই উদ্যোগে কাজ করার সুযোগকেও বিশেষ বলে উল্লেখ করেন তিনি।

ইতালিতে ক্রিকেটের প্রসার এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে তুলে ধরার সম্ভাবনা নিয়েও আশাবাদী অ্যান্ডারসন। তাঁর লক্ষ্য, নাপোলি নাইটসকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল হিসেবে গড়ে তোলা এবং টুর্নামেন্ট শেষ হওয়ার পরও ইতালিতে ক্রিকেটের বিকাশে অবদান রাখা।

সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা বেড়েছে। চলতি বছর প্রথমবারের মতো পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় দেশটি। প্রতিযোগিতায় গ্রুপ পর্বে নেপালকে ১০ উইকেটে হারিয়ে আলোচনায় আসে ইতালি।