সুপ্রভাত ঢাকা

তিক্ততা নিয়েই অবসর নেন বিরাট কোহলি

তিক্ততা নিয়েই অবসর নেন বিরাট কোহলি
তিক্ততা নিয়েই অবসর নেন বিরাট কোহলি

গত বছর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এতদিন পর ভারতের অন্যতম সেরা ব্যাটারের অবসর নিয়ে প্রশ্ন তুললেন দেশটির সাবেক ওপেনার ওয়াসিম জাফর। তার মতে, খুশি মনে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাননি কোহলি। বরং, তার অবসরের পেছনে ছিল তিক্ততা।

এর জন্য তৎকালীন নির্বাচক প্রধান অজিত আগারকারের দিকেও আঙুল তুললেন জাফর। তার মতে, গোটা বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত।

নিজের ইউটিউব চ্যানেলে কোহলির অবসর প্রসঙ্গে জাফর বলেন, ‘আমার মনে হয়, কোহলি একেবারেই খুশি ছিল না। তিক্ততা নিয়েই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিল সে।’

জাফরের মতে, কোহলির মতো তারকা ক্রিকেটারকে আরও বেশ কয়েক বছর টেস্টে খেলতে দেখা যেতে পারত। তার জনপ্রিয়তা যে অতুলনীয়, তা মনে করিয়ে দিয়ে সাবেক এই ওপেনার বলেন, ‘কোহলির মতো ক্রিকেটারকে দেখার জন্যই দর্শকরা স্টেডিয়ামে আসেন। ওর জনপ্রিয়তার সঙ্গে কারও তুলনা চলে না। আরও অনেক দিন টেস্ট খেলতে পারত ও। তবে কোহলি নিজে মুখ না খোলা পর্যন্ত অবসরের আসল কারণ জানা সম্ভব নয়।’

গত বছর আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন কোহলি। সেই সিদ্ধান্তের সময় নিয়েও প্রশ্ন তুলেছেন জাফর। তার বক্তব্য, ইংল্যান্ড সফরের প্রস্তুতি নিচ্ছিলেন কোহলি। সেই প্রস্তুতির অংশ হিসেবেই দিল্লির হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছিলেন তিনি। কিন্তু এপ্রিল মাসে পরিস্থিতি বদলে যায়। জাফরের দাবি, ভারতীয় দলের ম্যানেজমেন্ট তরুণ ক্রিকেটারদের ভবিষ্যতের কথা ভাবছে বলে কোহলিকে জানিয়ে দিয়েছিল। তারপরেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান তিনি।

ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি নেওয়ার পরেও কেন অবসরের সিদ্ধান্ত, সেই প্রশ্ন তুলেছেন জাফর। তার কথায়, ‘আমার প্রশ্ন হল, টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত যদি নিয়েই থাকে, তাহলে ইংল্যান্ড সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছিল কেন? কোহলির মতো ক্রিকেটারের অবসর ঘোষণার বিষয়টি আরও ভালো ভাবে সামলানো যেত। আমার মনে হয়, ম্যানেজমেন্ট খুব তাড়াহুড়ো করে ফেলেছিল।’

তবে কোহলির অবসরের পেছনে ঠিক কী কারণ ছিল, তা নিয়ে চূড়ান্তভাবে কিছু বলতে চাননি জাফর। তার মতে, এই বিষয়ে কোহলি নিজে মুখ খুললেই প্রকৃত কারণ জানা যাবে।