সুপ্রভাত ঢাকা

চীনে Tencent-এর সঙ্গে Ecube-এর বৈঠক, বাংলাদেশের ইস্পোর্টসে বড় বিনিয়োগের সম্ভাবনা

চীনে Tencent-এর সঙ্গে Ecube-এর বৈঠক, বাংলাদেশের ইস্পোর্টসে বড় বিনিয়োগের সম্ভাবনা
চীনে গেমিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান Tencent-এর হেডকোয়ার্টারে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান Ecube-এর স্বত্বাধিকারীরা

বাংলাদেশের ইস্পোর্টস শিল্পের বিকাশে বড় বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। চীনে গেমিং ও প্রযুক্তি প্রতিষ্ঠান Tencent-এর হেডকোয়ার্টারে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন বাংলাদেশের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান Ecube-এর স্বত্বাধিকারীরা। বৈঠকে বাংলাদেশে PUBG MOBILE-এর কার্যক্রম সম্প্রসারণ, ইস্পোর্টস ইকোসিস্টেমের উন্নয়ন এবং সম্ভাব্য বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বাংলাদেশের বাজারে PUBG MOBILE-এর সম্ভাবনা কাজে লাগানো এবং গেমটিকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব পায়। একই সঙ্গে দেশের প্রতিযোগিতামূলক গেমিং খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Ecube প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশে PUBG MOBILE-কে কেন্দ্র করে বড় পরিসরে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে Tencent কর্তৃপক্ষ। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের ইস্পোর্টস শিল্পে নতুন কর্মসংস্থান সৃষ্টি, আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন এবং গেমারদের জন্য আরও বিস্তৃত সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের তরুণদের মধ্যে মোবাইল গেমিংয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ইস্পোর্টস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আন্তর্জাতিক পর্যায়ের সহযোগিতা ও বিনিয়োগ বাড়লে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ, দক্ষ ইস্পোর্টস পেশাজীবী তৈরি এবং গেমিং কমিউনিটির জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার পথ আরও প্রসারিত হবে।

এ প্রেক্ষাপটে Tencent-এর সঙ্গে Ecube-এর এ বৈঠক বাংলাদেশের ইস্পোর্টস শিল্পের আন্তর্জাতিক সংযোগ জোরদার এবং ভবিষ্যৎ সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, সময়সীমা ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।