সুপ্রভাত ঢাকা

সুলিভানময় ম্যাচে কাভানের জোড়া ও কুইনের এক গোল

সুলিভানময় ম্যাচে কাভানের জোড়া ও কুইনের এক গোল
ফাইল ছবি

নভেম্বর উইন্ডোর জন্য ঘোষিত যুক্তরাষ্ট্র জাতীয় দলের স্কোয়াডে যথারীতি জায়গা ধরে রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভুত ১৭ বছর বয়সী ফুটবলার কাভান সুলিভান। ক্লাবের জার্সিতে দারুণ পারফরম্যান্সের পর জাতীয় দলেও তার তিনি ছিলেন প্রাণবন্ত। আবারও আন্তর্জাতিক ম্যাচে নামার আগে ফিলাডেলফিয়া ইউনিয়ন সুলিভানময় একটি ম্যাচ দেখেছে। যেখান কাভান জোড়া এবং বড় ভাই কুইন এক গোল ও দুই অ্যাসিস্ট করেছেন।

সুলিভান ব্রাদার্সের স্মরণীয় ম্যাচটিতে টরন্টো এফসিকে ৪-১ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই জয়ে তারা এমএলএস কাপ প্লে-অফের তিন ম্যাচ সিরিজে সরাসরি জায়গা নিশ্চিত করেছে। একই ম্যাচে একই ক্লাবের হয়ে দুই ভাইয়ের গোল করার ঘটনা এমএলএসের ইতিহাসে এটি তৃতীয়বার। এর আগে ওই কীর্তি গড়েছিলেন গঞ্জালো ও ফেদেরিকো হিগুয়েইন এবং দিয়েগো ও ইয়িমি চারা।

ম্যাচের ২৮ মিনিটে কাভান সুলিভানের গোলে লিড নেয় ফিলাডেলফিয়া। আক্রমণটি শুরু করেছিলেন কুইন সুলিভান। তার ক্রস থেকে ইন্ডিয়ানা ভাসিলেভ বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক উইলিয়াম ইয়ারবোরোকে পজিশন ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য করেন। এরপর কাভানের উদ্দেশে বল বাড়িয়ে দিলে তিনি ফাঁকা জালকে সেটির ঠিকানা বানান।

৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ২-০ করেন কুইন সুলিভান। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে জর্জে মিহাইলোভিচের কর্নার থেকে হেডে গোল করে টরন্টোকে ম্যাচে ফেরান জশ সার্জেন্ট। ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফিলাডেলফিয়ার ব্যবধান ৩-১ করেন কাভান। ব্রুনো দামিয়ানির হেডে বল পেয়ে পাল্টা আক্রমণ শুরু করেন কুইন। এরপর পেছন থেকে ছুটে আসা কাভানের উদ্দেশে বল বাড়িয়ে দিলে গোলরক্ষকের পায়ের নিচ দিয়ে তা জালে পাঠান।

৭৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন দামিয়ানি। ফিলাডেলফিয়া (১৪ জয়, ১২ হার, ৮ ড্র) ক্লাব ইতিহাসে দশমবারের মতো এবং গত ৯ মৌসুমে অষ্টমবারের মতো এমএলএসের প্লে-অফে জায়গা নিশ্চিত করেছিল আগেই। ৫০ পয়েন্ট নিয়ে তারা ইস্টার্ন কনফারেন্সের ষষ্ঠ স্থানে থেকে নিয়মিত মৌসুম শেষ করেছে।