সুপ্রভাত ঢাকা

স্টুডিও ভাঙার পর বড় সিদ্ধান্তের কথা জানালেন সালমান মুক্তাদির (ভিডিও)

স্টুডিও ভাঙার পর বড় সিদ্ধান্তের কথা জানালেন সালমান মুক্তাদির (ভিডিও)
স্টুডিও ভাঙার পর বড় সিদ্ধান্তের কথা জানালেন সালমান মুক্তাদির (ভিডিও)

বাংলাদেশে আর বিনিয়োগ করবেন না এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির। স্টুডিও ভাঙার ঘটনার পরই বাংলাদেশে আর স্টুডিও চালিয়ে না যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এবার স্পষ্ট করলেন, দেশে নতুন করে বিনিয়োগের কোনো পরিকল্পনা তার নেই। সম্প্রতি ঢাকায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনীতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ঢাকার মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে গত শনিবার (৩১ অক্তোবর) অনুষ্ঠিত হয় ‘গ্যাপ’-এর বিশেষ প্রদর্শনী। ছবিটি ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির। এ সময় দেশের সামগ্রিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা, ব্যক্তিগত সংকট এবং ভবিষ্যতে দেশে কাজ করার পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।

সরকারের সঙ্গে কোনো বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছেন কি না, জানতে চাইলে সালমান বলেন, তাকে এখনো সে ধরনের কোনো সুযোগ দেয়া হয়নি। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন এবং আন্তরিকভাবে প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত কোনো সাড়া পাননি। তাই তার মনে হয়েছে, কথা বললেও তা শোনার মতো পরিবেশ তৈরি হবে না।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন এই কনটেন্ট ক্রিয়েটর। তার মতে, এ বিষয়ে যাদের কথা বলা উচিত, তাঁদেরই কথা বলা ভালো। সাধারণ নাগরিকেরা কেবল পরিস্থিতির অভিজ্ঞতা নিতে পারেন। এ নিয়ে তাদের মন্তব্যে বাস্তবে খুব বেশি পরিবর্তন আসে না; বড়জোর কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হয় কিংবা সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।

নতুন কোনো বার্তা দিতে চান কি না, এমন প্রশ্নে সালমান জানান, আপাতত নতুন করে কিছু বলতে চান না। তাঁর ভাষায়, পুরোনো কথাগুলো জমতে জমতে মানুষের মধ্যে হতাশা ও মানসিক বিপর্যস্ততা তৈরি হয়েছে। নতুন কোনো বক্তব্য দিয়ে মানুষকে আরও চাপে ফেলতে চান না তিনি।