সুপ্রভাত ঢাকা

সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ, ৫ ঘণ্টা আটকে থাকল প্রবাসীর লাশ; পুলিশের হস্তক্ষেপে দাফন

সম্পত্তির ভাগ নিয়ে বিরোধ, ৫ ঘণ্টা আটকে থাকল প্রবাসীর লাশ; পুলিশের হস্তক্ষেপে দাফন
নরসিংদীর পলাশে দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের সম্পত্তির অধিকার নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করে সৌদি আরবপ্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেলের জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে

নরসিংদীর পলাশে দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের সম্পত্তির অধিকার নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করে সৌদি আরবপ্রবাসী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেলের জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে স্বজনদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে প্রায় পাঁচ ঘণ্টা আটকে থাকে তাঁর দাফন। পরে পুলিশের হস্তক্ষেপে সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

নিহত আব্দুল ওয়াদুদ ভূঁইয়া রাসেল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পলাশ বাজার গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। গত ২৩ অক্টোবর সৌদি আরবে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় এক মাস পর সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।

পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হলেও এর আগে রাসেলের দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানের প্রাপ্য সম্পত্তির অংশ বুঝিয়ে দেওয়ার দাবি তোলেন কয়েকজন স্বজন ও স্থানীয় ব্যক্তি। তবে নিহতের বাবা-মা দাফনের আগে সম্পত্তি বুঝিয়ে দিতে রাজি হননি। তাঁদের দাবি, সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হলে জানাজা ও দাফন আটকে যায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১১ বছর আগে বগুড়ার ফুলতলা গ্রামের আমিরুল ইসলামের মেয়ে শারমিন আক্তারের (৩২) সঙ্গে রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পরিবারের অমতেই তাঁরা বিয়ে করেন। তবে বিয়ের পর রাসেলের পরিবার শারমিনকে মেনে নেয়নি। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে বসবাস শুরু করেন রাসেল। তাঁদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। পরে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি।

নিহতের স্ত্রী শারমিন আক্তার বলেন, পরিবারের অমতে ভালোবেসে তাঁরা বিয়ে করেছিলেন। বিয়ের পর স্বামী তাঁর পরিবারকে অনেক বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। স্বামীর মরদেহ দেশে আসার খবর পেয়ে বাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজনের বাধার মুখে পড়েন তিনি। তাঁকে ঘরে উঠতে দেওয়া হচ্ছিল না। একপর্যায়ে পিতৃহারা দুই সন্তানের অধিকার দাবি করলে স্থানীয় অনেকেই তাঁর পাশে দাঁড়ান।

এদিকে নিহত রাসেলের পরিবারের অন্য সদস্যদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, সম্পত্তির বিরোধে মরদেহ দাফনে বাধা দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি নিজেও পুলিশ সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওসি আরও জানান, পরে স্থানীয় সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় সিদ্ধান্ত হয়, রাসেলের স্ত্রী শারমিন আক্তার ও তাঁদের সন্তানরা এখন থেকে শ্বশুরবাড়িতে থাকবেন। পাশাপাশি তাঁরা যেন কোনোভাবেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন, সে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দেখভাল করবেন। পরে সন্ধ্যা ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাসেলের মরদেহ দাফন করা হয়।