সুপ্রভাত ঢাকা

সিপিএল ফাইনালে সেঞ্চুরি করে নতুন ইতিহাস সাদাকাতের

সিপিএল ফাইনালে সেঞ্চুরি করে নতুন ইতিহাস সাদাকাতের
সিপিএল ফাইনালে সেঞ্চুরি করে নতুন ইতিহাস সাদাকাতের

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়েছেন মাজ সাদাকাত। প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফাইনালে এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের বিপক্ষে জ্যামাইকা কিংসমেনের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন সাদাকাত। ৫৮ বলে ১১৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল আটটি চার ও নয়টি ছক্কা।

ফাইনালের আগে এলিমিনেটরেও ব্যাট হাতে আলো ছড়ান সাদাকাত। ওই ম্যাচে ৪৯ বলে ১১২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে টুর্নামেন্টের শেষ পর্বে নিজের সামর্থ্যের প্রমাণ দেন এই পাকিস্তানি ব্যাটার।

ফাইনালে সাদাকাতের দুর্দান্ত ইনিংস সত্ত্বেও জ্যামাইকা কিংসমেনকে হারতে হয়েছে। তার ১১৪ রানের ওপর ভর করে ৯ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে জ্যামাইকা। জবাবে ২ উইকেট হারিয়ে ২০ বল হাতে রেখেই লক্ষ্য পেরিয়ে যায় এন্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

ফাইনালের ইনিংসটি সাদাকাতকে সিপিএলের ফাইনাল ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিকও করেছে। এর আগে এই রেকর্ড ছিল লেন্ডল সিমন্সের দখলে। ২০২০ সালের ফাইনালে ৪৯ বলে ৮৪ রান করেছিলেন তিনি।

চলতি সিপিএলে সাদাকাতের পারফরম্যান্সও ছিল নজরকাড়া। সাত ম্যাচে ৬০.৫০ গড়ে ও ১৭৪.৫২ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩৬৩ রান। ফাইনালের ১১৪ রানসহ টুর্নামেন্টে তার ব্যাট থেকে এসেছে টানা দুই সেঞ্চুরি।