সুপ্রভাত ঢাকা

শিক্ষকদের দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এমপি জামাল

শিক্ষকদের দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: এমপি জামাল
শনিবার সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠির রাজাপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের দায়িত্বশীলতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বলেছেন, দায়িত্বে ফাঁকি দিয়ে ইসলামিক শিক্ষার উন্নয়ন সম্ভব নয়। নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টায় রাজাপুর উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি জামাল বলেন, শিক্ষাকেন্দ্রে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেসব কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা কম, সেগুলোর কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনে কেন্দ্রের স্থান পরিবর্তন করতে হবে। দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থলে অনুপস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মকে কোরআন শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষকদের নিজেদেরও কোরআন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমেও শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে উন্নীত করার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি কার্যক্রমের মান উন্নত করতে হবে। জাতীয়করণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

ঝালকাঠি জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল হক নান্টু, ঝালকাঠি জেলা ওলামা দলের আহ্বায়ক মো. সাইদুল ইসলাম, কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মো. নেয়ামত উল্লাহ এবং রাজাপুর উপজেলা ওলামা দলের সহসভাপতি অধ্যক্ষ মাওলানা মো. আলমগীর হোসেন।