সুপ্রভাত ঢাকা

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরা নিয়ে বললেন নেইমার

‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই’, জাতীয় দলে ফেরা নিয়ে বললেন নেইমার
ফাইল ছবি

ব্রাজিলের জাতীয় দলে ফেরার স্বপ্ন এখনো ছাড়েননি নেইমার। ২০২৮ কোপা আমেরিকা কিংবা ২০৩০ বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলের হলুদ জার্সিতে মাঠে নামতে চান সান্তোসের এই ফরোয়ার্ড। তবে সেই স্বপ্ন পূরণে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে তাকে।সম্প্রতি ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নের মুখে নিজের স্বপ্নের কথা জানিয়েছেন নেইমার। সোমবার (১৬ অক্টোবর) সাও পাওলোর গুয়ারুলহোসে কিংস লিগ কাপের একটি ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেন তিনি। গোল ডটকমের প্রতিবেদন।

ফুরিয়ার সহসভাপতি হিসেবে ওই ম্যাচ দেখতে গিয়েছিলেন নেইমার। সঙ্গে ছিলেন সান্তোসের সতীর্থ ফিলিপে কুতিনিয়ো ও আর্থার। ঘনিষ্ঠ বন্ধু ক্রিস গুয়েদেসের সঙ্গে সম্প্রচার বুথে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন ব্রাজিলের এই তারকা।

একপর্যায়ে গুয়েদেস নেইমারকে প্রশ্ন করেন, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পেশাদার ফুটবল খেলে যেতে চান কি না। জবাবে নেইমার বলেন, ‘আমি বিশ্বকাপ পর্যন্ত ফুটবল খেলব, এটা তো নিশ্চিত।’

এরপর গুয়েদেস ভুল করে বলেন, পরবর্তী কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। যদিও টুর্নামেন্টটির পরবর্তী আসর হওয়ার কথা ২০২৮ সালে। বন্ধুর ভুল শুনে কিছুটা বিস্মিত হন নেইমার। তখন গুয়েদেস মজা করে বলেন, ‘ইঙ্গিতটা বুঝে নাও, হলুদ জার্সিতে তোমাকে ভালোই মানায়।’

সান্তোসের সাদা জার্সি ও ব্রাজিলের হলুদ জার্সিতে খেলার প্রসঙ্গ টেনে নেইমার জবাব দেন, ‘সাদা জার্সিতেই আমাকে ভালো দেখায়। হলুদ জার্সিতেও ভালো দেখিয়েছে, এবার আমাকে ছেড়ে দাও।’

এ সময় আর্থারও বলেন, ব্রাজিলের জার্সিতে নেইমারকে ভালো মানায়। এরপর গুয়েদেস বলেন, পিএসজিতে থাকার সময়ের তুলনায় এখন বেশি ম্যাচ খেলছেন নেইমার। তার মতে, শারীরিক ফিটনেসের উন্নতি হওয়ায় ২০২৮ কোপা আমেরিকা হতে পারে ২০৩০ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ।

জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে নেইমার বলেন, ‘স্বপ্ন দেখতে তো কোনো খরচ নেই। আমিও স্বপ্ন দেখি।’ নেইমারের এই মন্তব্য অবশ্য ব্রাজিল দলে ফেরার নিশ্চয়তা নয়। তবে সান্তোসের হয়ে নিয়মিত খেলা এবং ফিটনেস ধরে রাখতে পারলে ২০২৮ কোপা আমেরিকার আগে জাতীয় দলে ফেরার সুযোগ তৈরি হতে পারে। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলার স্বপ্ন পূরণও নির্ভর করবে আগামী কয়েক মৌসুমে তার শারীরিক অবস্থার ওপর।

জাতীয় দলের পাশাপাশি কিংস লিগেও ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে নেইমারের। ২০৩০ সালে ফুরিয়ার হয়ে আনুষ্ঠানিক কিংস লিগ ম্যাচ খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সে ম্যাচে সান্তোসের বর্তমান সতীর্থদের সঙ্গে খেলার সম্ভাবনাও রয়েছে তার।