বাজারে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এর প্রভাব কমছে দামে। ফুলকপি, বাঁধাকপি, মুলা, কাঁচামরিচসহ বেশকিছু সবজির দাম সপ্তাহের ব্যবধানে কমেছে। তবে শীতের সবজির দাম কমলেও গ্রীষ্মকালীন অনেক সবজির দাম এখনো চড়া। সবজির দামে কিছুটা স্বস্তি ফিরলেও বাজারের সামগ্রিক চিত্র এখনো স্বস্তিদায়ক নয়। চাল, আটা-ময়দা ও বিভিন্ন মসলার দাম বেড়েছে। মাছ ও মাংসের দামও চড়া।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল থেকে বৃষ্টির কারণে আজ ছুটির দিনেও বাজারে ক্রেতার উপস্থিতি তুলনামূলক কম। টানা বৃষ্টিতে বেচাকেনাও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, এখন ২০ থেকে ৩০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ফুলকপি ও বাঁধাকপি। এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। একই সময়ে মুলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে। নতুন আলুর সরবরাহ বাড়ায় দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেক আগে প্রতি কেজি নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকা দরে বিক্রি হলেও এখন তা ৮০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। তবে শিমের দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
অন্যদিকে টমেটো, গাজর ও বেগুনের দাম এখনো চড়া। আমদানি করা টমেটো ও গাজর বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৬০ টাকা কেজি দরে। গোল বেগুনের দাম ৮০ থেকে ১২০ টাকা। লম্বা বেগুনের দামও সপ্তাহের ব্যবধানে বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় উঠেছে। নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। পাশাপাশি ঝিঙে-চিচিঙ্গা-করলা বিক্রি হচ্ছে ৬০ থেকে ১০০ টাকার মধ্যে।
রামপুরা বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা সবুজ বলেন, এবার শীতের সবজির দাম শুরু থেকে কম। কিন্তু গ্রীষ্মকালীন বা সারাবছর পাওয়া যায় এমন সবজিগুলোর দাম একটা জায়গায় আটকে আছে। আগামী মাসে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
সবজির দাম কিছুটা কমলেও চালের বাজারে উল্টো চিত্র দেখা যাচ্ছে। গত সপ্তাহ থেকে ঢাকার বাজারে সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দাম প্রায় অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ও মিনিকেট চাল ৭০ থেকে ৯০ টাকা, মাঝারি মানের চাল ৫৫ থেকে ৬৫ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।
মালিবাগ বাজারের চাল বিক্রেতা এনামুল হোসেন বলেন, প্রতিবছর এ সময়ে চালের দাম কিছুটা বাড়ে। এবার মিনিকেট ও নাজিরশাইল চালের মজুত কমে আসায় দাম বেড়েছে। নতুন ধান উঠলে দাম কমতে পারে।
চালের পাশাপাশি আটা ও ময়দার দামও বেড়েছে। প্রতি কেজি খোলা আটায় ২ টাকা বেড়ে ৫০ টাকা এবং খোলা ময়দায় ৫ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত আটার দাম প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং ময়দা ৮৫ থেকে ৯০ টাকা। এদিকে, সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেলের দামে নতুন করে কোনো পরিবর্তন দেখা যায়নি।
অন্যদিকে, চাল-আটার বাইরে মসলার বাজারেও নতুন করে মূল্যবৃদ্ধি ঘটেছে। গত দুই থেকে তিন সপ্তাহে জিরার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে ৫৪০ থেকে ৬০০ টাকায় উঠেছে। গত ১৫ থেকে ২০ দিনে এলাচের দাম বেড়েছে কেজিতে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।
এছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা, হলুদের দাম ৫০ থেকে ১০০ টাকা এবং লবঙ্গের দাম ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।

