রাফিনিয়া তার সামনে যাকে পাচ্ছেন, তাকেই ছোবল দিচ্ছেন। চার দিনের মধ্যে টানা দ্বিতীয়বার হ্যাটট্রিক করলেন তিনি বার্সেলোনার সবশেষ ম্যাচে। সেভিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে সব গোলই তার। চলতি লা লিগা মৌসুমে সাত ম্যাচে ১২ গোল করে বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মার হিসেবে নিজের অবস্থান দৃঢ় করলেন তিনি।
অপ্টা-র তথ্য অনুযায়ী, একবিংশ শতাব্দীতে এক মৌসুমে প্রথম সাত ম্যাচে লিওনেল মেসির গোলের রেকর্ড ভেঙেছেন রাফিনিয়া। তার উপরে আছেন কেবল একজন: ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ গোল করেছিলেন। রাফিনিয়া সেই রেকর্ডও হয়তো ছুঁতে পারতেন, কিন্তু তাকে ৭৬তম মিনিটে তাকে তুলে নিয়ে সেই সুযোগ দেননি কোচ হান্সি ফ্লিক।
বার্সেলোনায় রাফিনিয়ার স্বর্ণযুগ চলছে। ফলস নাইন হিসেবে তিনি মাঠে নেমে একের পর এক গোল করে চলেছেন। এই মৌসুমে কেবল লেভান্তের বিপক্ষে লিগে গোল পাননি তিনি। চার বার একের বেশি গোল করেছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড। এর মধ্যে রেসিং সান্তান্দার ও সেভিয়ার বিপক্ষে টানা দুটি হ্যাটট্রিক করলেন।
দুর্দান্ত ফর্মে থাকার কারণে রাফিনিয়াকে লম্বা সময়ের জন্য রেখে দিতে কাজ শুরু করেছে বার্সা। বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সালে শেষ হওয়ার কথা, তবে তার সঙ্গে সেই মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়ানোর কথা ভাবছে কাতালান জায়ান্টরা।
ফ্লিক বলেন, ‘ক্লাবের জন্য রাফিনিয়ার চুক্তি নবায়ন করাটাই সেরা সিদ্ধান্ত। যখন আপনি দেখবেন সে কীভাবে ভক্তদের সাথে, দলের সাথে মিশে যায়... সে একজন নেতা। এই মৌসুমে সে অসাধারণ খেলেছে। আজকের দ্বিতীয়ার্ধ ছিল অবিশ্বাস্য। আমরা রাফিনিয়ার গুণাগুণ সম্পর্কে জানি এবং তাকে নিয়ে আমরা খুব খুশি, সে আমাদের অনেক কিছু দেয়। তাকে মাঝখানে খেলানোর সিদ্ধান্তটি কোচিং স্টাফ নিয়েছিল, কিন্তু এই আটটি ম্যাচে তার পারফরম্যান্সের পর সে একজন নাম্বার নাইন হিসেবেও খেলতে খুব খুশি।’

