সুপ্রভাত ঢাকা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা
পূজায় সম্প্রীতির বার্তা দিলেন অভিনেত্রী মন্দিরা

শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন ঢালিউডের চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। কখনো ঐতিহ্যবাহী গোলাপি কাতান শাড়ি ও সোনার গয়নায়, আবার কখনো লাল শাড়িতে ধরা দিয়েছেন ভিন্ন ভিন্ন সাজে। তবে শুধু রূপের ঝলক নয়, পূজার শুভেচ্ছাবার্তায় সবার জন্য ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির প্রত্যাশাও জানিয়েছেন এই অভিনেত্রী।

অষ্টমীর রাতে সোমবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিগুলোতে তাকে দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিভরা মুহূর্তে দেখা গেছে।

একটি ছবিতে গোলাপি রঙের সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় নজর কেড়েছেন তিনি। অন্যদিকে, লাল-কালো রঙের পোশাকে দেখা গেছে তার সাদামাটা অথচ আকর্ষণীয় সাজ। আলাদা একটি প্রোফাইল থেকেও লাল শাড়িতে পূজামণ্ডপে ঘোরাঘুরি ও পরিবারের সঙ্গে উৎসব উদ্‌যাপনের কিছু মুহূর্ত ভাগ করে নেন এই নায়িকা।

ছবিগুলোর সঙ্গে শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্দিরা লেখেন, মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম। তার আশীর্বাদে পৃথিবী থেকে মুছে যাক সব অশুভ শক্তি, দূর হোক দুঃখ-কষ্ট, ঘুচে যাক সব অন্ধকার। বার্তায় তিনি আরও প্রত্যাশা করেন, প্রতিটি হৃদয় ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও আনন্দে ভরে উঠুক। মা দুর্গা যেন সবার জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল বয়ে আনেন। শেষে ‘জয় মা দুর্গা’ বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান তিনি।

মন্দিরার সাজের পাশাপাশি তার এই সম্প্রীতির বার্তাও ভক্তদের নজর কেড়েছে। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক তার শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে সেই প্রত্যাশাই।