বয়স মাত্র ১৩। অথচ সুইমিং পুলে নেমেই এশিয়ান গেমসে রেকর্ড গড়লেন চীনের ইউ জিদি। গতকাল মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন এই কিশোরী।
ইউ জিদি সময় নিয়েছেন ২ মিনিট ৫.০৮ সেকেন্ড। এর মধ্য দিয়ে তিনি ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে চীনের ঝাং ইউফেইয়ের গড়া ২ মিনিট ৫.৫৭ সেকেন্ডের রেকর্ড ভেঙেছেন। আগের রেকর্ডের চেয়ে প্রায় আধা সেকেন্ড দ্রুত সাঁতরেছেন ইউ জিদি।
প্রতিযোগিতার শুরু থেকেই এগিয়ে ছিলেন ইউ। শেষ পর্যন্ত স্বদেশি চ্যাং মোহানের চেয়ে ৩.৩৬ সেকেন্ড এগিয়ে থেকে সোনা নিশ্চিত করেন তিনি। চ্যাং জিতেছেন রুপা। জাপানের মিসা ওকুজোনো পেয়েছেন ব্রোঞ্জ।
এটি ইউ জিদির ক্যারিয়ারে প্রথম বড় ব্যক্তিগত সাফল্য। এবারের এশিয়ান গেমসে ব্যক্তিগত আরো দুটি ইভেন্টে অংশ নেওয়ার কথা তার।
২০২৫ সালে মাত্র ১২ বছর বয়সে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে রিলে ইভেন্টে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছিলেন ইউ। তিনিই ওই প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ পদকজয়ী।
এ বছরও দুর্দান্ত ফর্মে আছেন ইউ জিদি। মার্চে যুক্তরাষ্ট্রের অলিম্পিক পদকজয়ী রেগান স্মিথকে হারিয়েছিলেন তিনি।
আগামী মাসে ১৪ বছর পূর্ণ হবে ইউ জিদির। এত অল্প বয়সে আন্তর্জাতিক পর্যায়ে উচ্চমাত্রার প্রশিক্ষণ ও প্রতিযোগিতার চাপ নিয়ে সাঁতার অঙ্গনে আলোচনা চলছে।
বিশ্ব অ্যাকুয়াটিকসের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের ন্যূনতম বয়স ১৪ বছর। তবে বিশেষ ক্ষেত্রে অসাধারণ দ্রুতগতির সাঁতারুরা এর ব্যতিক্রম হতে পারেন।
এশিয়ান গেমসের অভিষেকেই রেকর্ড গড়ে ইউ জিদি এখন সাঁতার অঙ্গনের আলোচিত নাম।

