পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চরবৃষ্টিন গ্রামের ১ নম্বর ওয়ার্ডে সাপের কামড়ে হেলাল খন্দকার (৩১) নামের এক যুবকের মৃত্যু করেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে নিজের চাষাবাদের জমিতে রোপা (রোয়া) দেখতে গেলে তাঁকে সাপে কামড় দেয় বলে পরিবারের সদস্যরা জানান। এ সময় তিনি সাপটিকে দেখতে পান এবং স্থানীয় কয়েকজন সেটিকে মারার চেষ্টা করেন। পরে সাপটি সেখান থেকে চলে যায়।
স্বজনরা জানায়, সাপে কামড়ানোর পর হেলালকে স্থানীয়ভাবে ওঝার মাধ্যমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হয়। কয়েক দফা ঝাড়ফুঁক করার পরও তাঁর অবস্থার উন্নতি না হলে রাত প্রায় ১০টা ১৫ মিনিটের দিকে তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করেন।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। পরে ইসিজি করার পর তাঁকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে চিকিৎসক দোলন, চিকিৎসক ইমরানসহ মোট চারজন চিকিৎসক তাঁকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
চিকিৎসকদের মতে, সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে নিয়ে এলে চিকিৎসার মাধ্যমে তাঁকে বাঁচানোর চেষ্টা করা যেত। তবে কয়েক ঘণ্টা পর হাসপাতালে আনার কারণে তাঁর অবস্থা ততক্ষণে গুরুতর হয়ে পড়েছিল।
নিহত হেলাল খন্দকার চরবৃষ্টিন গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. সবুজ খন্দকার।

