পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার দেশব্যাপী সুনাম ধরে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তিনি বলেন, মানসম্মত পশু ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। এ জন্য উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি পর্যায়ে গুণগত মান নিশ্চিত করতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পাবনায় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শোভাযাত্রা ও তিন দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, কিছু অসাধু খামারি ও ব্যবসায়ীর ভেজাল পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের কারণে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। পাবনার কৃষি ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও বাণিজ্যিক খামার গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল হামিদ সড়কে সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠে (মুক্তমঞ্চ সংলগ্ন) গিয়ে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ বিভিন্ন এলাকার খামারি ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রজাতির পশু, প্রাণিসম্পদ খাতের উপকরণ এবং উৎপাদিত খাদ্য ও দুগ্ধজাত পণ্য প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।

