বাগেরহাটের রামপালে অবস্থিত ফয়লাহাট আছিয়া কারামতিয়া আলিম মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ২১ অক্টোবর বুধবার মাদ্রাসা ক্যাম্পাসে সুবর্ণজয়ন্তী ও মিলনমেলার আয়োজন করা হয়েছে।
১৯৭৬ সালে এবতেদায়ি (পঞ্চম শ্রেণি) পাঠদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ৫০ বছরের পথচলা পূর্ণ করায় এ মাইলফলক স্মরণীয় করে রাখতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা, প্রয়াত শিক্ষকদের জন্য দোয়া ও মরণোত্তর সম্মাননা, প্রয়াত শিক্ষার্থীদের স্মরণ ও দোয়া, বিভিন্ন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্যসচিব মুহাম্মদ হেদায়েত হুসাইন জানান, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা নেওয়া অসংখ্য শিক্ষার্থী বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় কর্মরত। কেউ উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে সেখানে প্রতিষ্ঠিত হয়েছেন। দেশের মধ্যে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন, আবার অনেকে আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিকসহ বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন। তিনি সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত ফি দিয়ে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সাংবাদিক মুনাওয়ার রনি জানান, অংশগ্রহণকারীদের https://ee.kobotoolbox.org/F4li1Dqr লিংকে প্রবেশ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন পুরস্কারেরও ব্যবস্থা থাকবে।
মাদ্রাসার অধ্যক্ষ শরীফ মো. আব্দুল কাদির বলেন, গত ৫০ বছরে অসংখ্য শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করেছেন। পরবর্তীতে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করলেও তাদের শিক্ষাজীবনের ভিত্তি তৈরি হয়েছে এ প্রতিষ্ঠানেই। তিনি সবাইকে আগামী ১১ অক্টোবরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ২১ অক্টোবরের সুবর্ণজয়ন্তী ও মিলনমেলায় অংশ নিয়ে আয়োজনটি স্মরণীয় করে তোলার আহ্বান জানান।

