বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনিরুল হক ফরাজিকে অপহরণের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। তাঁর মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করার পর তাঁকে জোরপূর্বক তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর সঙ্গে থাকা আরেক বিএনপি নেতা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মনিরুলের সঙ্গে থাকা বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ও গাড়িচালক হাসান হামলাকারীদের কবল থেকে প্রাণে বেঁচে ফেরেন।
ঘটনার বিবরণ দিয়ে শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন জানান, তাঁরা একটি প্রাইভেটকারে ঢাকা থেকে বাগেরহাটে ফিরছিলেন। পথে কয়েকটি স্থানে সড়কের ওপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল। এসব বাধা অতিক্রম করে ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে একদল অস্ত্রধারী তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং তাঁদের কাছে থাকা টাকা, মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
ময়েনের অভিযোগ, মুঠোফোন ও মানিব্যাগ তল্লাশির পর তাঁদের মারধর করা হয়। একপর্যায়ে তাঁকে ও গাড়িচালক হাসানকে ছেড়ে দিলেও মনিরুল হক ফরাজিকে আটকে রাখে হামলাকারীরা। ফরাজির মুঠোফোনে প্রধানমন্ত্রী ও দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে তাঁকে বিএনপি নেতা হিসেবে শনাক্ত করে হামলাকারীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
তিনি আরও জানান, হামলাকারীদের কবল থেকে কোনো রকমে পালিয়ে তাঁরা প্রাণে বেঁচেছেন। বর্তমানে তাঁরা মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদের কার্যালয়ে অবস্থান করছেন। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পাশাপাশি দলীয়ভাবে অপহৃত নেতার সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম বলেন, শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন তাঁকে মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি জানিয়েছেন। তাঁকে উদ্ধারে প্রয়োজনীয় চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক ফরাজিকে তুলে নেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

