বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দমহল্লায় নবীন সংঘের আয়োজনে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দমহল্লা নবীন সংঘের মাঠে কবুতর, বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।
সৈয়দমহল্লা নবীন সংঘের সভাপতি শেখ শরিফুল কামাল কারিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী ও উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার দাশ।
সংঘের কোষাধ্যক্ষ কাজী মঈন উদ্দিন মেরুর সঞ্চালনায় অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক শেখ আরিফুল হাসানসহ সংঘের উপদেষ্টা, কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় নৈহাটী স্পোর্টিং ক্লাব ও সিটি এফসি খুলনা মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ২-২ গোলে খেলা অমীমাংসিত থাকায় টাইব্রেকারে ৮-৭ গোলে জয় পায় সিটি এফসি খুলনা। খেলাটি পরিচালনা করেন মো. মিরাজ সরদার। তাঁর সহযোগী ছিলেন মোক্তার হোসেন মিন্টু ও মো. জসিম উদ্দিন। ধারাভাষ্য দেন মোস্তাহিদুর রহমান মুক্ত। খেলা দেখতে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

