বাগেরহাটের ফকিরহাটে সাড়ে আট কেজি গাঁজাসহ তারেক হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স এসআরবি।
বুধবার (১১ নভেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসআরবি সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের কাটাখালী মোড়সংলগ্ন খুলনা-মোংলা মহাসড়কে মঙ্গলবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৬। এ সময় একটি চায়ের দোকানের সামনে থেকে তারেক হোসেনকে আটক করা হয়। পরে তার কাছে থাকা টেপ মোড়ানো দুটি প্যাকেট থেকে সাড়ে আট কেজি গাঁজা, নগদ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক তারেক হোসেন ফেনী সদর উপজেলার উত্তর ফাজিলপুর গ্রামের শাহ আলমের ছেলে।
এসআরবি জানিয়েছে, তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় এসআরবির নায়েব সুবেদার মনছুর বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। মামলার নম্বর ৫, তারিখ ১১ নভেম্বর ২০২৬।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এসআরবি এক ব্যক্তিকে গাঁজাসহ থানায় হস্তান্তর করে। মামলা ও আইনি প্রক্রিয়া শেষে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

