সিরাজগঞ্জ থেকে ১০দিন আগে নিখোঁজ হওয়া পথভোলা বৃদ্ধ মো. আহসান আলীকে (৮০) বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ফিরে পেল তার পরিবার।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই ছেলের কাছে ওই বৃদ্ধকে হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান, ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রজিউল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, পথভোলা বৃদ্ধের দুই ছেলে মো. নজরুল ইসলাম, মো. ইয়াছিল আলী।
উদ্ধার হওয়া বুদ্ধের দুই ছেলে জানান, গত ২৪ অক্টোবর সকালে তাদের বাবা মো. আহসান আলী বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি, সেদিন থেকে তিনি নিখোঁজ রয়েছে। অনেক খুজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে ফকিরহাট উপজেলা প্রশাসনের মাধ্যমে জানতে পারেন তাদের বাবা এখানে আছেন। সে মোতাবেক তারা বাবাকে নিতে ফকিরহাট আসছেন, বাবাকে পেয়ে দুই ছেলে খুবই খুশি।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানান, ৩১ অক্টোবর রাতে থানা পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে কাটাখালী এলাকা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে এনে ভর্তি করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান বলেন, ফকিরহাট উপজেলার কাটাখালী থেকে উদ্ধার হওয়া বৃদ্ধকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

