নিউ জার্সি কনসার্টে ফিলিস্তিনপন্থী মন্তব্য করার জেরে পপতারকা এড শিরানের মার্কিন সফর থেকে বাদ পড়ার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে এক অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমার। এড শিরানের ‘লুপ ট্যুর’ থেকে উপার্জিত তার নিজস্ব আয় থেকে অর্জিত এক মিলিয়ন ডলার (১০ লাখ মার্কিন ডলার) ফিলিস্তিনিদের সহায়তায় নিয়োজিত ছয়টি সংস্থাকে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছেন এই গ্র্যামিজয়ী শিল্পী।
কেবল অনুদান দিয়েই ক্ষান্ত হননি, তিনি মার্কিন বিলিয়নেয়ার রবার্ট ক্র্যাফটকে একই পরিমাণ অর্থ অনুদান দেওয়ার জন্য সরাসরি আহ্বান ও চ্যালেঞ্জ জানিয়েছেন। এর পরপরই এক নাটকীয় মোড়ে রবার্ট ক্র্যাফট এবং এড শিরান উভয়ই ওই অঞ্চলে মানবিক সংকট মোকাবিলায় পৃথকভাবে ২০ লাখ ডলার করে মোট ৪০ লাখ ডলার অনুদানের পাল্টা ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন ৪০ বছর বয়সী র্যাপার ম্যাকলেমার। তিনি লেখেন, গত ৪৮ ঘণ্টায় ঘটে যাওয়া সমস্ত বিতর্কের পর তিনি আলোচনাকে আবার মূল জায়গায় ফিরিয়ে আনতে চান, যেখানে ফিলিস্তিনের জনগণ এখনো মারা যাচ্ছে, সামরিক দখলের মধ্যে বসবাস করছে এবং নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। ধনকুবের রবার্ট ক্র্যাফটকে উদ্দেশ করে তিনি উল্লেখ করেন, এড শিরানের লুপ ট্যুর থেকে অর্জিত তার পুরো ১০ লাখ ডলার তিনি ফিলিস্তিনিদের সহায়তায় সরাসরি কর্মরত ছয়টি সংস্থাকে দিচ্ছেন। তিনি আহ্বান জানিয়ে বলেন, তাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, ফিলিস্তিনিদের জীবন রক্ষা করা জরুরি—এই সত্যে তো একমত হওয়া সম্ভব, কারণ একটি ফিলিস্তিনি জীবনের মূল্য বিশ্বের অন্য যেকোনো জীবনের চেয়ে কম নয়।
নিজের বার্তায় ফিলিস্তিনিদের স্বাধীনতা, মর্যাদা এবং নিরাপত্তার মৌলিক অধিকারের ওপর জোর দিয়েছেন এই সংগীতশিল্পী। যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিবার, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ত্রাণকর্মী ও মানবাধিকার কর্মীদের প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, শুধু ত্রাণ দিয়ে এই সংকট নিরসন সম্ভব নয়। কারণ, এটি একটি মানবসৃষ্ট অবিচার এবং এর জন্য অবিলম্বে রাজনৈতিক পরিবর্তন প্রয়োজন। দশক ধরে ফিলিস্তিনিরা মৌলিক অধিকার ছাড়া বসবাস করছে এবং তাদের স্বাধীনতার জন্য আর একটি দিনও অপেক্ষা করা উচিত নয়। তিনি নিশ্চিত করেছেন যে তিনি ফিলিস্তিনের জনগণের পাশে এবং তাদের মুক্তির লড়াইয়ে অবিরত সমর্থন জানিয়ে যাবেন।
ম্যাকলেমারের এই চ্যালেঞ্জ ও বক্তব্যের জবাবে বিলিয়নেয়ার রবার্ট ক্র্যাফটের পক্ষ থেকে দ্রুত একটি পাল্টা বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে ঘোষণা করা হয় যে, তিনি এবং এড শিরান ওই এলাকার মানবিক সংকট মোকাবিলায় এবং ত্রাণ সহায়তায় দুজনে ২০ লাখ ডলার করে মোট ৪০ লাখ ডলার প্রদান করবেন। তবে কোন সংস্থা বা দাতব্য প্রতিষ্ঠানে এই বিপুল অর্থ প্রদান করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে, গত সোমবার ম্যাকলেমার প্রকাশ করেন যে, গত ৪ সেপ্টেম্বর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত একটি কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ ধ্বনি এবং ফিলিস্তিনপন্থী বক্তব্য দেওয়ার কারণে এড শিরানের চলতি মার্কিন সফর থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।
অন্যদিকে, গাজা যুদ্ধ কেন্দ্র করে বিনোদনজগতে নতুন করে শুরু হওয়া এই বিতর্কের মুখ থেকে নিজেকে দূরে রাখতে পপতারকা এড শিরান জানিয়েছেন, ম্যাকলেমারকে সফর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি তার নিজস্ব ছিল না, বরং কনসার্টের আয়োজক কমিটিই এই পদক্ষেপ গ্রহণ করেছে।
সূত্র: মিড-ডে

