সারিসারি সাজানো গাছের চারা। সেই চারা নিতে টাকা দিতে হচ্ছে না, বরং জমা দিতে হচ্ছে তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল। প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণের এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের বকুলতলায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পবিপ্রবি ছাত্রদলের বিভিন্ন হল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় প্রতি তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে একটি করে ইনডোর প্ল্যান্ট বা ঘরে রাখার উপযোগী গাছের চারা। গতানুগতিক উপহারের পরিবর্তে গাছের চারা বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতা তৈরি এবং প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
এ বিষয়ে ছাত্রনেতা রাকিবুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণের আহ্বান ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয় বাস্তবায়নে তরুণদের এগিয়ে আসা জরুরি। পবিপ্রবি ক্যাম্পাস ও তৎসংলগ্ন এলাকাকে প্লাস্টিক দূষণমুক্ত করা এবং ক্যাম্পাসে গাছের পরিমাণ বাড়ানোর লক্ষ্যেই আমাদের এ পরিবেশবান্ধব উদ্যোগ। পরিবেশ সচেতনতা ছড়িয়ে দিতে শিক্ষার্থী ও সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি। প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গড়ার এ পথচলা অব্যাহত থাকবে।”
ছাত্রনেতা রাশেদ খান বলেন, “গতানুগতিক উপহারের পরিবর্তে গাছের চারা শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্বশীলতার বার্তা পৌঁছে দেবে। আমরা বিশ্বাস করি, ছোট ছোট ইতিবাচক উদ্যোগের মাধ্যমেই সবুজ ক্যাম্পাস ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
ছাত্রনেতা আজিম হাসান দিপু বলেন, “প্রথাগত পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে নিজেরাই ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগে পরিচ্ছন্নতার বিনিময়ে শিক্ষার্থীরা পাবেন ছোট্ট পুরস্কার। কার্যক্রমটি নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য অবগত আছেন এবং তিনি আমাদের এ কার্যক্রম অব্যাহত রাখার জন্য উৎসাহ দিয়েছেন।”
এ আয়োজন বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করায় মাহবুব নাহিদ ও জাহিদ রাতুলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

