সুপ্রভাত ঢাকা

পাঁচ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডিকওয়েলা

পাঁচ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডিকওয়েলা
পাঁচ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডিকওয়েলা

দীর্ঘ পাঁচ বছর পর শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ফিরলেন নিরোশান ডিকওয়েলা। আসন্ন এশিয়ান গেমসের জন্য ঘোষিত শ্রীলঙ্কা দলে জায়গা পেয়েছেন ৩৩ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটার।

তবে এশিয়ান গেমসের এই দলকে শ্রীলঙ্কার মূল জাতীয় দলের পূর্ণাঙ্গ স্কোয়াড বলা যাচ্ছে না। মূল দলের বেশির ভাগ ক্রিকেটারকেই রাখা হয়নি। তারপরও এশিয়ান গেমসে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করা এই দলের ম্যাচগুলো আন্তর্জাতিক টি-টোয়েন্টি হিসেবে গণ্য হবে।

শ্রীলঙ্কার হয়ে ডিকওয়েলার সর্বশেষ টি-টোয়েন্টি ছিল ২০২১ সালের জুনে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগেও অবশ্য তাঁর পারফরম্যান্স ছিল খুব একটা উল্লেখযোগ্য নয়। ছয় ম্যাচে ১৮.৩৩ গড়ে করেছেন ১১০ রান।

ডিকওয়েলার পাশাপাশি দলে ফিরেছেন আশেন বান্দারাও। এলপিএলে মাত্র তিন ম্যাচ খেলে ২৮ রান করা ২৭ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে এর আগে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন।

দলটির নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সাহান আরাচ্চিগে। গত এশিয়ান গেমসেও শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সেবার আফগানিস্তানের কাছে হেরে বিদায় নিয়েছিল দলটি।

এবার প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন সিনেথ জায়াওয়ারদেনা, সোহান ডি লিভেরা, ওয়ানুজা সাহান ও গারুকা সানকেথ।

সম্প্রতি ইংল্যান্ড সফরে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে থাকা স্পিনার থারিন্ডু রাত্নায়াকেও এশিয়ান গেমসের স্কোয়াডে রাখা হয়েছে। দুই হাতেই বোলিং করতে পারেন এই স্পিনার। এ ছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে গল গ্ল্যাডিয়েটর্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অলরাউন্ডার চামিকা কারুনারাত্নেও আছেন দলে।

এশিয়ান গেমসে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো শ্রীলঙ্কাও সরাসরি কোয়ার্টার-ফাইনাল থেকে শুরু করবে।

এশিয়ান গেমসের শ্রীলঙ্কা স্কোয়াড:

সাহান আরাচ্চিগে (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা, লাসিথ ক্রুসপুলে, সিনেথ জায়াওয়ারদেনা, নুয়ানিদু ফার্নান্দো, সোহান ডি লিভেরা, আশেন বান্দারা, চামিকা কারুনারাত্নে, থারিন্ডু রাত্নায়াকে, ওয়ানুজা সাহান, ভিজায়াকান্ত ভিয়াসকান্থ, দুশান হেমান্থা, নুয়ান থুসারা, বিনুরা ফার্নান্দো ও গারুকা সানকেথ।