পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও তা তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় পলি ঘোষ (৩৫) নামে এক নারীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকায় উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষের বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান। এ সময় স্থানীয় থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানকারী দল জানায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বিভিন্ন রাসায়নিক ও ক্ষতিকর উপকরণ ব্যবহার করে নকল দুধ তৈরি ও বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে ডেগভর্তি নকল দুধসহ পামওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ ও ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
অভিযানের সময় উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বামীসহ এসব উপকরণ দিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করার কথা স্বীকার করেন বলে জানায় অভিযানকারী দল।
পরে সাক্ষীদের বক্তব্য, জব্দকৃত আলামত ও স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত নারী অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তার অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শাশুড়ির বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে কারাদণ্ডের পরিবর্তে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং নকল দুধ উৎপাদন ও বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

