সুপ্রভাত ঢাকা

নরসিংদীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১, শিশুসহ আহত ৫

নরসিংদীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১, শিশুসহ আহত ৫
নরসিংদীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ নিহত ১, শিশুসহ আহত ৫

নরসিংদীর শিবপুরে সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে ইটাখোলা-কটিয়াদী সড়কের শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার নাদাইল গ্রামের রাজিউদ্দিনের স্ত্রী। আহতরা হলেন—সৌরভ (২৭), জান্নাতুল (৭), শরীফ (৩৭), জিনিয়া (৩৫) ও কাউসার (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই একটি ট্রাক মনোহরদীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে মনোহরদী থেকে ইটাখোলাগামী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মিনারা বেগমের মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত পাঁচজনকে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক, অটোরিকশা ও নিহতের মরদেহ উদ্ধার করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।