সুপ্রভাত ঢাকা

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৩

নরসিংদীতে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৩৩
নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে

নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ-ছাত্রলীগ নেতাকর্মী, মাদক কারবারি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২টি মামলা করে ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নরসিংদী সদর মডেল থানা এলাকায় গ্রেপ্তার হয়েছেন শহর আওয়ামী যুবলীগের সদস্য মো. আল আমিন (৪২) ও সক্রিয় সদস্য মুহাইমিনুল ওরফে বাবুসহ ছয়জন। এ ছাড়া ডিবি পুলিশের অভিযানে শিবপুরের পুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব (৪৩) ও মো. সালাহউদ্দীন ওরফে সুমনকে (৪৪) গ্রেপ্তার করা হয়।

বেলাবো থানা পুলিশের অভিযানে ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সাইফুল ইসলাম বিপ্লব (৩২) ও কৃষকলীগ নেতা মো. তারেক মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই থানা পুলিশের অন্য একটি অভিযানে এক কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার আরিফ আহম্মেদ খাদেমকে (৫১) আটক করা হয়।

এদিকে মনোহরদী থানা পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বিভিন্ন মামলায় ১২ জন, শিবপুর থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান (২৩) ও পরোয়ানাভুক্ত চারজন এবং মাধবদী থানা পুলিশের অভিযানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা ট্রাফিক বিভাগ জানায়, ট্রাফিক আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে করা ২২টি মামলায় ৬৭ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও সন্ত্রাস দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।