সুপ্রভাত ঢাকা

পরিবারের জিম্মায় ৪০

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক করেছে পুলিশ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে ৪৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়েছে। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে একজনকে আদালতে পাঠানো হয়েছে। বাকি ৪০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনায় কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন থানায় নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের তথ্যমতে, সুধারাম মডেল, কোম্পানীগঞ্জ, কবিরহাট, বেগমগঞ্জ মডেল, সোনাইমুড়ী, চাটখিল ও চরজব্বর থানায় আটক ৩৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, হাতিয়া থানায় আটক নয়জনের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল, একজনকে আদালতে পাঠানো এবং বাকি তিনজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কিশোরদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।