সুপ্রভাত ঢাকা

নিয়মিত '‘ফসলের অতন্দ্র জরিপ’' চলছে ফকিরহাটে

নিয়মিত '‘ফসলের অতন্দ্র জরিপ’' চলছে ফকিরহাটে
নিয়মিত '‘ফসলের অতন্দ্র জরিপ’' চলছে ফকিরহাটে

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে নিয়মিতভাবে চলছে ‘ফসলের অতন্দ্র জরিপ’। এর অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা ব্লকের ধানচাষিদের নিয়ে ধানের ক্ষেতে হাতে-কলমে ফসলের অতন্দ্র জরিপের পদ্ধতি দেখানো হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি ‘ফসলের অতন্দ্র জরিপ’ সম্পর্কে ধারণা দেন। এ পদ্ধতি অনুসরণের মাধ্যমে স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি নিরাপদ অর্গানিক ফসল উৎপাদন করা সম্ভব বলে তিনি জানান।

কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ফসলের অতন্দ্র জরিপ (Surveillance Atondra Jarip) হলো কৃষিজমিতে নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর পোকা-মাকড় ও রোগের আক্রমণ পর্যবেক্ষণের একটি কার্যকর পদ্ধতি।

তিনি বলেন, অতন্দ্র জরিপের মাধ্যমে রোগ ও পোকার পূর্বলক্ষণ নির্ণয় করা যায়। আক্রমণের প্রাদুর্ভাব ঘটার আগেই ক্ষতিকর পোকা বা রোগের উপস্থিতি চিহ্নিত করা সম্ভব হয়। ফলে সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কৃষকরা বড় ধরনের ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করতে পারেন।

তিনি আরও জানান, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি ব্লকের সব এলাকায় ‘ফসলের অতন্দ্র জরিপ’-এর সুফল সম্পর্কে সাধারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ২০২৬ সালের চলতি মৌসুমে ফকিরহাট উপজেলায় প্রায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে।

এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ কাঠালতলা ব্লকের ২০ জন কৃষক উপস্থিত ছিলেন।