সুপ্রভাত ঢাকা

নারী রেফারিকে হেনস্তার পর হাত ছাড়তেও নারাজ, চাকরিই হারালেন হিগুয়েইন

নারী রেফারিকে হেনস্তার পর হাত ছাড়তেও নারাজ, চাকরিই হারালেন হিগুয়েইন
নারী রেফারিকে হেনস্তার পর হাত ছাড়তেও নারাজ, চাকরিই হারালেন হিগুয়েইন

নারী রেফারিকে উদ্দেশ করে বৈষম্যমূলক মন্তব্য এবং ম্যাচ শেষে তার হাত ছাড়তে অস্বীকৃতি জানানোর অভিযোগে বড় শাস্তি পেলেন কলম্বাস ক্রু এর কোচ ফেদেরিকো হিগুয়েইন। প্রথমে লাল কার্ড ও দুই ম্যাচের নিষেধাজ্ঞা, এরপর চাকরিই হারাতে হলো ইন্টার মায়ামির সাবেক এই ফুটবলারকে। ফেদেরিকো আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েইনের ভাই।

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব কলম্বাস ক্রু মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হিগুয়েইনকে কোচের পদ থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত জানায়। এমএলএসের ডেভেলপমেন্ট লিগ এমএলএস নেক্সট প্রোর একটি ম্যাচে ওই নারী রেফারির সঙ্গে তার আচরণকে কেন্দ্র করেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।

ঘটনার সময় নারী রেফারিকে হিগুয়েইন বলেছিলেন, ‘এটা মনে রেখো, এটা পুরুষদের খেলা।’ শুধু মন্তব্য করেই থামেননি তিনি। হাত মেলানোর সময় ওই কর্মকর্তার হাতও ছাড়তে অস্বীকৃতি জানান। পরে এ ঘটনায় তাকে লাল কার্ড দেখানো হয় এবং দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়।

কলম্বাস ক্রুর জেনারেল ম্যানেজার ইসা তাল বলেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ফেদেরিকো হিগুয়েইনকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়াই আমাদের ক্লাব, খেলোয়াড় এবং সহায়ক স্টাফদের জন্য সবচেয়ে ভালো হবে’।

তিনি আরও বলেন, ‘এই সপ্তাহের আলোচনা এবং গত এক মাসের ঘটনা পর্যালোচনার পর দেখা গেছে, আমাদের দলগুলোর একটির নেতৃত্বদানকারী হিসেবে যে মানদণ্ড প্রত্যাশিত, তা তিনি পূরণ করতে পারেননি’।

ইএসপিএনের প্রতিবেদনে ক্লাবের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে বলা হয়েছে, পরবর্তী আলোচনায় নিজের আচরণ নিয়ে হিগুয়েইন অনুশোচনা বা দায় স্বীকার করতে আগ্রহ দেখাননি। এমনকি প্রকাশ্যেও ক্ষমা চাননি তিনি।

এদিকে পেশাদার সকার রেফারি অ্যাসোসিয়েশন (পিএসআরএ) ঘটনাটিকে আরও গুরুতর হিসেবে দেখছে। লিগের দেয়া প্রাথমিক দুই ম্যাচের নিষেধাজ্ঞাকে অবশ্য যথেষ্ট মনে করেনি রেফারিদের এই সংগঠন। তাদের পক্ষ থেকে অন্তত ছয় ম্যাচের নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছিল।