বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী মূলঘর স্পোর্টিং ক্লাবের নবগঠিত পরিচালনা কমিটি অনুমোদন পেয়েছে। সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত এ কমিটির মেয়াদ ১ আগস্ট ২০২৬ থেকে ৩১ জুলাই ২০২৮ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর অনুমোদিত মূলঘর স্পোর্টিং ক্লাবের (রেজিস্ট্রেশন নম্বর- বাগ-৮৯৩/১০) নবগঠিত কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ইফতেখার আহমেদ পলাশ। সভাপতি মুহম্মদ ইমরান হোসেন তুহিন, সাধারণ সম্পাদক আতাউর রহমান ইকবাল, সাংগঠনিক সম্পাদক সাবিতুল ইসলাম সাগর এবং কোষাধ্যক্ষ শীর্ষেন্দু দাস।
নির্বাহী কমিটির সদস্যরা হলেন—রওনাকুল ইসলাম সোহাগ, অলিউর রহমান শিপলু, সৈয়দ মেহতাব রতন, উজ্জল চক্রবর্তী ও সিকদার রিফাজ আহমেদ।
জানা যায়, ১৮৫৭ সালে প্রতিষ্ঠিত বর্তমান মূলঘর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই মূলঘর স্পোর্টিং ক্লাবের কার্যক্রম শুরু হয়। ঐতিহ্যবাহী মূলঘর গ্রামে তৎকালীন সময়ে সাতটি জমিদার পরিবারের বসবাস ছিল। শিক্ষা, সংস্কৃতি ও আধুনিক সভ্যতার চর্চার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও এ অঞ্চলটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় মূলঘর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেছেন। পাকিস্তান আমল থেকে এ ক্লাবের খেলোয়াড়েরা ক্রীড়াক্ষেত্রে এলাকার সুনাম বয়ে আনছেন।
ক্লাবটির খেলোয়াড়দের মধ্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও নির্বাচক খান আব্দুর রাজ্জাক, জাতীয় ফুটবল দলের গোলরক্ষক জিয়াউর রহমান জিয়া, জাতীয় অ্যাথলেট মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচিত রেফারি সরদার মিরাজুল ইসলামসহ অনেকে জাতীয় পর্যায়ে নিজেদের অবস্থান তৈরি করেছেন।
ক্রীড়াঙ্গনের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে ক্লাবটি। জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের অংশগ্রহণে ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ফুটবল ও ক্রিকেট ম্যাচসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ক্ষুদে খেলোয়াড়দের দক্ষতা ও খেলার মানোন্নয়নে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিও পরিচালনা করে আসছে ক্লাবটি।
মূলঘর স্পোর্টিং ক্লাবের নিজস্ব ইনডোর ব্যাডমিন্টন স্পেস রয়েছে। সেখানে সারা বছর খেলোয়াড়দের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রশিক্ষিত করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে তুলে আনতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা শেখ ইফতেখার আহমেদ পলাশ বলেন, “মূলঘর স্পোর্টিং ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও সুনাম ধরে রেখে ক্রীড়া, শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও কার্যকর ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে নতুন কমিটি কাজ করবে।” এ কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেন।

