মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ এগিয়ে রয়েছে। এ অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মৎস্য খাতের পরিধি ও কর্মসংস্থানের সুযোগ অনেক বিস্তৃত। বাংলাদেশের অর্থনীতিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নদ-নদীর নাব্যতা ফিরিয়ে আনা, দূষণমুক্ত করা এবং গভীর সমুদ্রে মাছ আহরণের সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে মৎস্য খাতে কর্মসংস্থান ও গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ওয়াহিদা হক। গেস্ট অব অনার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওয়ায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।
এর আগে কার্জন হলের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়।

