বাগেরহাটের মোল্লাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা এবং তার স্ত্রী ঝর্না আলমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ে মামলা দুটি করা হয়।
দুদক সূত্র জানায়, শাহিনুল আলম ছানা সম্পদ বিবরণীতে ৫ কোটি ৩৭ লাখ ৭৭ হাজার টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে তার নামে ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকার সম্পদ পাওয়া গেছে। তার বিরুদ্ধে ৩ কোটি ৪৬ লাখ ৪৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৩ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী ঝর্না আলম ৬২ লাখ ৪৪ হাজার টাকার সম্পদ দেখালেও অনুসন্ধানে তার নামে ৪ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তার বিরুদ্ধে ৩ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার টাকার সম্পদের তথ্য গোপন এবং ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
দুদকের উপসহকারী পরিচালক সমীরন কুমার মণ্ডল মামলা দুটি দায়ের করেন। তিনি জানান, মামলার তদন্ত চলছে। অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

