রাজশাহীর মোহনপুর উপজেলায় বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগম (৪২) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার করিশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। তাঁর বাবার নাম কোঁকড়া।
পুলিশ ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে বাড়ির পাশে শব্দ শুনে তাঁর ছেলে মো. নবাব আলীর ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট বন্ধ থাকলেও তাঁর মা ঘরে নেই। পরে পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পানের বরজে শেফালী বেগমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁর ছেলে।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, তদন্ত শেষে এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হবে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

