হবিগঞ্জের চারটি চা বাগানের শ্রমিকেরা মজুরি আদায়ের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন। দাবি আদায়ে টানা দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন তাঁরা। দাবি পূরণ না হলে প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুনারুঘাটের লালচাঁদ চা বাগানের মন্দিরের সামনে এ বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লাল সাঁওতালের সভাপতিত্বে এতে লালচাঁদ, দেউন্দি, গিলানী ও নোয়াপাড়া চা বাগানের শ্রমিকেরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল, নোয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, কার্তিক বাকতি, লক্ষ্মীকান্ত রায় এবং দেউন্দি চা বাগানের শ্রমিক নেতা উজ্জ্বল কুমার দাস।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, মজুরির দাবির সমাধান না হওয়ায় তাঁরা কর্মবিরতি পালন করছেন। তাঁদের এক দফা দাবি, বর্তমান মালিকপক্ষকে তাঁরা আর চান না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলেও ঘোষণা দেন তাঁরা।
শ্রমিক নেতারা জানান, আগামী রোববার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করবেন তাঁরা। পরে নিজেদের দাবিদাওয়া তুলে ধরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হবে।
শ্রমিকদের দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। প্রয়োজনে সচিবালয় ঘেরাওয়ের কর্মসূচিও পালন করবেন তাঁরা।

