সুপ্রভাত ঢাকা

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, হতাহতের শঙ্কা

লিবিয়ায় রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা, হতাহতের শঙ্কা
ছবি: সংগৃহীত

লিবিয়ার একটি নৌঘাঁটিতে ইউক্রেনের সন্দেহভাজন ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৪ বছরের বেশি সময় আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম আফ্রিকার কোনও দেশে এমন হামলার ঘটনা ঘটল। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, এই হামলারত রাশিয়া ও লিবিয়ার বেশ কয়েকজন নাগরিক নিহত হয়েছে।

লিবিয়ার দুই সামরিক কর্মকর্তা জানান, পূর্ব লিবিয়ার বেনগাজি নৌঘাঁটিতে চালানো এই হামলায় রুশ নৌবাহিনীর কর্ভেট শ্রেণির যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি হামলার পর ঘাঁটিতে অগ্নিকাণ্ডেরও সূত্রপাত হয়।

হামলার প্রাথমিক তদন্তের পাওয়া তথ্য জানিয়ে তারা বলেন, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে জাহাজটি লক্ষ্য করে বেশ কয়েকটি সামুদ্রিক ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে অন্তত চারটি ড্রোন মাঝপথে আটকে দিয়ে ধ্বংস করা হলেও দুটি ড্রোন যুদ্ধজাহাজটিতে আঘাত হানে।

২০১১ সালে ন্যাটো-সমর্থিত গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন এবং পরবর্তীতে তার নিহত হওয়ার পর থেকে লিবিয়া বিভক্ত হয়ে পড়ে। বর্তমানে রাজধানী ত্রিপোলিতে জাতিসংঘ-সমর্থিত একটি সরকার এবং পূর্বাঞ্চলে পৃথক একটি সরকার রয়েছে।

পূর্ব লিবিয়াভিত্তিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, রোববারের ওই হামলায় ঘাঁটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটে, যা পরবর্তীতে নিভিয়ে ফেলা হয়।

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘আলমাসার’ একটি জাহাজে আগুন ধরে যাওয়ার ফুটেজ প্রচার করেছে। চ্যানেলটি জানিয়েছে, মাল্টার পতাকাবাহী ওই জাহাজটির ক্রুদের উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। উল্লেখ্য, কর্ভেট যুদ্ধজাহাজ ফ্রিগেট বা ডেস্ট্রয়ারের চেয়ে আকারে ছোট হয় এবং এটি উপকূলীয় জলসীমায় টহল দেয়া ও অন্য জাহাজকে পাহারা দেয়ার কাজে ব্যবহৃত হয়।