বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার সরই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতটি পৃথক পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। লামায় যোগদানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের নেতৃত্বে এটি প্রথম অভিযান।
অভিযানে ইউএনওর সঙ্গে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সোমাইয়া আক্তার বলেন, উপজেলার পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সব অবৈধ বালুর পয়েন্টে অভিযান চালানো হবে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাতামুহুরী নদীসহ উপজেলার নদী-খাল ও পাহাড়ি পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

