সুপ্রভাত ঢাকা

কুয়াকাটায় গঙ্গাস্নানে শেষ হলো দুই দিনের রাস উৎসব

কুয়াকাটায় গঙ্গাস্নানে শেষ হলো দুই দিনের রাস উৎসব
পাপমোচন ও পুণ্যলাভের প্রত্যাশায় হাজারো পুণ্যার্থীর গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা

পাপমোচন ও পুণ্যলাভের প্রত্যাশায় হাজারো পুণ্যার্থীর গঙ্গাস্নানের মধ্য দিয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা সমুদ্রের জলে পুণ্যস্নান, পূজা-অর্চনা ও প্রার্থনায় অংশ নেন।

ভোর থেকেই সৈকতের জিরো পয়েন্ট এলাকায় নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী পুণ্যার্থীর সমাগম ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, সাগরে স্নানের মাধ্যমে পাপমোচন, পুণ্যলাভ এবং নিজের ও পরিবারের মঙ্গল কামনায় প্রার্থনা করেন তাঁরা।

দুই শত বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করে আসছে কুয়াকাটার রাস উৎসব। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উপলক্ষে সৈকতসংলগ্ন এলাকায় বসে ঐতিহ্যবাহী রাসমেলা। বিভিন্ন পণ্যের পসরা, নাগরদোলা ও বিনোদনমূলক আয়োজন থাকলেও এবার বৈরী আবহাওয়া ও পর্যটক সংকটে মেলায় ছিল না প্রত্যাশিত জমজমাট পরিবেশ।

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নীহার রঞ্জন মণ্ডল বলেন, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস, আত্মিক শুদ্ধি ও পূর্বপুরুষদের মঙ্গল কামনায় ভক্তরা এতে অংশ নেন। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সাতক্ষীরা থেকে আসা পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমায় গঙ্গাস্নান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় আচার। পাপমোচন ও পুণ্যলাভের আশায় ভক্তরা সমুদ্রের জলে স্নান শেষে পূজা-অর্চনা ও প্রার্থনা করেন।

প্রতিবছর রাস উৎসব ঘিরে দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের আগমনে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়। তবে এবার চলমান রাজনৈতিক সহিংসতা ও টানা চার দিনের বৃষ্টিতে পর্যটকের উপস্থিতি ছিল অনেক কম। ফলে মেলায় দোকান সাজিয়ে বসেও আশানুরূপ বিক্রি করতে পারেননি ব্যবসায়ীরা।

মেলার ব্যবসায়ী আল মামুন বলেন, গত বছরের তুলনায় এবার ১০ ভাগের এক ভাগ মানুষও আসেনি। মেলার জন্য অনেক টাকা বিনিয়োগ করে মালামাল তুললেও বিক্রি হয়নি। এতে বড় ধরনের লোকসানের আশঙ্কা করছেন তাঁরা।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হাওলাদার বলেন, পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ পরিবেশেই এবারের রাস উৎসব ও রাসমেলা সম্পন্ন হয়েছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠানিকতায় দুই দিনের আয়োজন শেষ হলেও পর্যটক সংকটে প্রত্যাশিত ব্যবসা না হওয়ায় হতাশা নিয়ে ফিরছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।