সুপ্রভাত ঢাকা

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

সুন্দরবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনকে দস্যুমুক্ত ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান। এ সময় বনের গহিনে লুকিয়ে রাখা ১০টি একনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি দেশীয় ওয়ান শুটার, চারটি বন্দুকের পাইপ, ৫৫ রাউন্ড তাজা কার্তুজ, ৩২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৭২ রাউন্ড এয়ারগানের গুলি ও দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, ডাকাতদলকে শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে সমন্বিত অভিযান অব্যাহত থাকবে।