বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা, নেতৃত্বের সক্ষমতা ও স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতাকে প্রাধান্য দেওয়া উচিত বলে মনে করেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো প্রাতিষ্ঠানিক স্বাধীনতা। গভর্নরের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ও নীতিনির্ধারণী কাঠামোতেও পেশাদারিত্ব নিশ্চিত করা জরুরি। সংশ্লিষ্ট ব্যক্তিদের এমনভাবে নির্বাচন করতে হবে, যাতে তারা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের পরিবর্তে সামগ্রিক ব্যাংকিং খাতের স্বার্থে কাজ করেন। গভর্নরকে এমন পরিবেশ দিতে হবে, যাতে রাজনৈতিক কিংবা অন্য কোনও অযাচিত চাপ ছাড়াই তিনি নীতিগত সিদ্ধান্ত নিতে পারেন। তবে স্বাধীনতার অর্থ জবাবদিহির বাইরে থাকা নয়।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ‘ড্রাফট ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ ল’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি। পলিসি থিংক অ্যান্ড রিসার্চ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
আহসান এইচ মনসুর বলেন, একটি কার্যকর কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠায় গভর্নরের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি তাঁর কার্যক্রমের জন্য জবাবদিহির কাঠামোও থাকতে হবে। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের প্রভাবমুক্ত থেকে ব্যাংক খাতের সংস্কার কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেন তিনি।
ব্যাংকিং খাতের বিদ্যমান সংকট মোকাবিলায় স্বতন্ত্র অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে সাবেক এ গভর্নর বলেন, এ ধরনের প্রতিষ্ঠান ব্যাংকগুলোর সমস্যাগ্রস্ত সম্পদ ও খেলাপি ঋণ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যথাযথ মূল্যায়নের মাধ্যমে অকার্যকর ও সমস্যাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনার আওতায় আনা গেলে ব্যাংকের ব্যালান্স শিটের ওপর চাপ কমবে। একই সঙ্গে আর্থিক সক্ষমতা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হবে। তবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও অর্থনীতি বিশেষজ্ঞ মোহাম্মদ শাহজাহান সিদ্দিকী। এ ছাড়া উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. তৌফিক আহমেদ চৌধুরী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের প্রতিনিধি।

