ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন বেভন জ্যাকবস। এবার ঘরোয়া ক্রিকেটে আরও ভয়ংকর রূপে ধরা দিলেন নিউজিল্যান্ডের এই তরুণ ব্যাটার।
ফোর্ড ট্রফিতে মাত্র ১৩৭ বলে খেলেছেন অপরাজিত ২০২ রানের বিধ্বংসী ইনিংস। আর এই ইনিংস সাজাতে হাঁকিয়েছেন ২১টি ছক্কা। তাতেই লিস্ট ‘এ’ ক্রিকেটে নিউজিল্যান্ডের কোনো ব্যাটারের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড গড়েছেন তিনি।
ইডেন পার্কে ওটাগোর বিপক্ষে চার নম্বরে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন জ্যাকবস। প্রতিপক্ষের বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন তিনি। চার-ছক্কার বৃষ্টিতে নিজের প্রথম লিস্ট ‘এ’ শতককে নিয়ে যান ডাবল সেঞ্চুরির মাইলফলকে। তাঁর ২০২ রানের অপরাজিত ইনিংসে ছিল ২১টি ছক্কা। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে এমন বিধ্বংসী ব্যাটিং নিঃসন্দেহে বিশেষ কীর্তি হয়ে থাকবে।
বিশ্বরেকর্ড গড়ার খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন এই কিউই ব্যাটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ডটি ২৩টি। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার ডি’আর্সি শর্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে কুইন্সল্যান্ডের বিপক্ষে ১৪৮ বলে ২৫৭ রান করার পথে এই রেকর্ড গড়েছিলেন। জ্যাকবসের প্রয়োজন ছিল আর মাত্র দুটি ছক্কা। কিন্তু সেই রেকর্ড স্পর্শ করা হয়নি তাঁর।
এই ডাবল সেঞ্চুরির মধ্য দিয়ে নিউজিল্যান্ডের চতুর্থ ব্যাটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিশতকের মালিক হলেন জ্যাকবস। এর আগে এই কীর্তি গড়েছিলেন জেমি হাও, মার্টিন গাপটিল ও চ্যাড বোয়েস। জেমি হাও ২০১২ সালে, গাপটিল ২০১৫ সালে এবং বোয়েস ২০২৪ সালে এই তালিকায় নাম লিখিয়েছিলেন।
অবাক করার বিষয় হলো, জ্যাকবসের লিস্ট ‘এ’ ক্রিকেটে এটি মাত্র ৩৩তম ম্যাচ। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের হয়ে ১৬টি ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়েছে তার। ২০২৪ সালের শেষদিকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় এই ব্যাটারের। যদিও এখনো ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন তিনি।
জ্যাকবসের ক্রিকেটযাত্রাও বেশ বৈচিত্র্যময়। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া এই ব্যাটার তিন বছর বয়সের কাছাকাছি সময়ে পরিবারের সঙ্গে নিউজিল্যান্ডে চলে যান। এরপর সেখানেই গড়ে ওঠে তাঁর ক্রিকেটীয় পরিচয়। ২০২৩-২৪ মৌসুমের সুপার স্ম্যাশে ক্যান্টারবুরি কিংসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় আসেন তিনি।
সেই আসরে মূলত ফিনিশারের ভূমিকায় খেলেছিলেন জ্যাকবস। ছয় ইনিংসে ১৮৮.৭৩ স্ট্রাইক রেটে করেছিলেন ১৩৪ রান। অন্তত ৫০ বল খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে তার চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল কেবল ডগ ব্রেসওয়েলের।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩৬ রানের ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন জ্যাকবস। সেই পারফরম্যান্সের রেশ কাটতে না কাটতেই এবার ঘরোয়া ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি।

